সেমুতাং থেকে গ্যাস উত্তোলন শুরু, সরবরাহ চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির সেমুতাং গ্যাসক্ষেত্র গতকাল রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু করেছে। আজ সোমবার থেকে পুরোদমে সরবরাহ দেওয়া সম্ভব হবে বলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রায় ১৩ বছর পর আরও একটি ক্ষেত্র থেকে চট্টগ্রামে সরাসরি গ্যাস সরবরাহ শুরু হলো।কর্মকর্তারা বলেছেন, সেমুতাং থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামের সরবরাহ লাইনে যোগ হবে।জানা গেছে, ১৯৯৮ সালে সাগরবক্ষের গ্যাসক্ষেত্র সাঙ্গু থেকে সর্বপ্রথম চট্টগ্রামে আলাদাভাবে সরবরাহ শুরু হয়। তখন এখান থেকে প্রতিদিন ১৯৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেত। তখন চট্টগ্রামের গ্যাস সরবরাহব্যবস্থা অনেকটাই সাঙ্গুভিত্তিক হয়ে পড়ে। পরে গ্যাস কমে যাওয়ায় এই সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে চলে আসে। বর্তমানে সাঙ্গু থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহের পরিমাণ ১৯৪ মিলিয়ন থেকে মাত্র ১৩ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। ফলে চট্টগ্রামের সংকটও তীব্র হতে থাকে।কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে গ্যাসের যে সংকট চলে আসছে, নতুন গ্যাসক্ষেত্র থেকে সরবরাহের মাধ্যমে তা কিছুটা হলেও কমবে।সেমুতাং গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্প সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে পাইপলাইনে সরবরাহ দেওয়া হয়। আট মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়ে লাইনের সরবরাহ শুরু হয়। এ গ্যাস চট্টগ্রামের সেনানিবাস এলাকায় প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ কক্ষে আসতে ছয় ঘণ্টা লাগে। প্রকৌশলীরা বলেছেন, নিয়ন্ত্রণ কক্ষ চাপ নিতে পারলে আজ সোমবার থেকে পুরোদমে সরবরাহ শুরু হবে।প্রকল্প পরিচালক মো. শহীদুজ্জামান খান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সেমুতাং থেকে গ্যাস সরবরাহের কথা ছিল। কিন্তু সরকারের চাপের কারণে বিশেষ ব্যবস্থায় সরবরাহ শুরু করা হয়েছে। পুরো প্রকল্পটি সম্পন্ন করতে ৬৮ কোটি টাকা খরচ হয়েছে।কেজিডিসিএল সূত্র জানায়, এ বছরের শুরুতে বাপেক্স গ্যাস উত্তোলনের কাজ শুরু করে। এরপর জাপানি সহযোগিতা প্রতিষ্ঠান জাইকার অর্থায়নে চট্টগ্রাম থেকে সেমুতাং পর্যন্ত ৬৫ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়। এ জন্য খরচ হয় ১১৬ কোটি টাকা। গত জুন মাসে পাইপলাইন বসানোর কাজ শুরু হয় এবং নভেম্বরে তা শেষ হয়।জানা যায়, দেশের ১৫ নম্বর ব্লকের আওতাধীন সেমুতাং গ্যাসক্ষেত্র ১৯৭৯ সালে আবিষ্কার করে কেয়ার্ন এনার্জি। কিন্তু গ্যাস তুলে তা সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হবে না বলে সিদ্ধান্ত নেয় বিদেশি প্রতিষ্ঠানটি। এরপর গ্যাস না তুলে সরে আসে কেয়ার্ন। চলতি বছর এ গ্যাসক্ষেত্র নিয়ে নতুন করে কাজ শুরু করে বাপেক্স। ফলে দেশীয় প্রতিষ্ঠানের চেষ্টায় এ ক্ষেত্র থেকে গ্যাস তোলার কাজ শুরু হয়। প্রকল্প পরিচালক শহীদুজ্জামান খান বলেন, ‘আগামী ২০ বছর এ ক্ষেত্র থেকে নিরবচ্ছিন্নভাবে গ্যাস তোলা যাবে বলে আমরা আশা করছি।’ চট্টগ্রামে বর্তমানে গ্যাসের চাহিদা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু জাতীয় গ্রিড থেকে পাওয়া যায় মাত্র ২০০ মিলিয়ন ঘনফুট। সাঙ্গু থেকে আসে আরও ১৩ মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস না থাকায় চট্টগ্রামের বৃহৎ শিল্প-কারখানাগুলোতে নিয়মিত বিরতিতে গ্যাস সরবরাহ বন্ধ (স্ট্যাগারিং) রাখা হয়।