সেমুতাংয়ের গ্যাস পার্বত্যবাসীর মধ্যে সরবরাহের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির সেমুতাং গ্যাসক্ষেত্রের গ্যাস পার্বত্যাঞ্চলের বাসিন্দাদের মধ্যে সরবরাহের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। গতকাল শনিবার জুম্ম জনপ্রতিনিধি সংসদের খাগড়াছড়ি জেলা কমিটির নতুন নির্বাচিত নেতারা এ দাবি জানান।গতকাল জেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনা রতন চাকমা।সম্মেলনে খাগড়াছড়ির আটটি উপজেলা পরিষদ, ৩৮টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার ১২৩ জন চেয়ারম্যান, সদস্য ও কাউন্সিলর উপস্থিত ছিলেন।সম্মেলনে বক্তারা বলেন, সরকার স্থানীয় চাহিদা পূরণ না করে সেমুতাংয়ের গ্যাস বাইরে সরবরাহ করছে। পার্বত্য চট্টগ্রামের জনগণকে গ্যাসের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।বক্তারা অভিযোগ করেন, সরকার পার্বত্য জেলা পরিষদের নির্বাচন না দিয়ে দলীয় নেতাদের পুনর্বাসনকেন্দ্রে পরিণত করে প্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। অবিলম্বে পার্বত্য জেলা পরিষদের নির্বাচন আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন জুম্ম জনপ্রতিনিধি সংসদের নেতারা। সম্মেলনে বক্তব্য দেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা, জুম্ম জনপ্রতিনিধি সংসদের কেন্দ্রীয় সদস্য ও হাফছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উশেই প্রু মারমা, বাবুছড়া ইউপির চেয়ারম্যান পরিতোষ চাকমা, লতিবান ইউপির চেয়ারম্যান শান্তিজীবন চাকমা, চেঙ্গী ইউপির চেয়ারম্যান অনিলজীবন চাকমা, গোলাবাড়ি ইউপির চেয়ারম্যান জ্ঞানরঞ্জন ত্রিপুরা, ভাইবোনছড়া ইউপির সদস্য করুণাময়ী চাকমা, বাবুছড়া ইউপির সদস্য গোপা দেবী চাকমা প্রমুখ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনা রতন চাকমাকে সভাপতি, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মিলন দেওয়ানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের খাগড়াছড়ি জেলা জুম্ম জনপ্রতিনিধি সংসদ গঠন করা হয়।জুম্ম জনপ্রতিনিধি সংসদ তিন পার্বত্য জেলার উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোতে বিভিন্ন আদিবাসী থেকে নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও কাউন্সিলরদের একটি সংগঠন।