সেমুতাংয়ের গ্যাস সরবরাহ রোববার থেকে!
খাগড়াছড়ির নতুন গ্যাসক্ষেত্র সেমুতাং থেকে আগামী রোববার চট্টগ্রামে গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। বাপেক্সের ব্যবস্থাপনায় এই ক্ষেত্র থেকে প্রতিদিন দুই কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। এই গ্যাসের পুরোটা আসবে চট্টগ্রামে। তবে তাতেও চট্টগ্রামের চলমান গ্যাসসংকটের সুরাহা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা গতকাল সোমবার সেমুতাং ক্ষেত্র থেকে চট্টগ্রাম পর্যন্ত নির্মিত গ্যাসলাইনে দুটি পিগ বসিয়ে দেন। গ্যাস সরবরাহের আগে পাইপলাইনে জমে থাকা পানি ও অন্যান্য আবর্জনা সরানোর জন্য এ ব্যবস্থা নেওয়া হয় বলে কেজিডিসিএলের কর্মকর্তারা জানান। কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গ্যাস নেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী পাঁচ দিন পর গ্যাস সরবরাহ শুরু হবে।’কেজিডিসিএল সূত্র জানায়, সেমুতাং থেকে গ্যাস পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা (সিইউএফএল) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য গতকাল সোমবার থেকে সিইউএফএলে গ্যাস সরবরাহ ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। গত রোববার সেখানে গ্যাস সরবরাহ করা হয় চার মিলিয়ন ঘনফুট। গতকাল তা বাড়িয়ে ১১ মিলিয়নে উন্নীত করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে তা ৪৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে বলে কেজিডিসিএলের কর্মকর্তারা জানান। সিইউএফএল সূত্রে জানা গেছে, একসঙ্গে পুরো গ্যাস সরবরাহ করলে সার উৎপাদন কারখানা চাপ নিতে পারে না। চট্টগ্রামে বর্তমানে গ্যাসের চাহিদা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে গতকাল জাতীয় গ্রিড থেকে পাওয়া যায় ২০০ মিলিয়ন ঘনফুট। এ ছাড়া সাগরবক্ষের গ্যাসক্ষেত্র সাঙ্গু থেকে পাওয়া যায় ১৩ মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় গ্যাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামের ভারী শিল্প কারখানায় নিয়মিত বিরতিতে গ্যাস সরবরাহ (স্টেগারিং) অব্যাহত রাখা হয়েছে। তবে এর বাইরে রাখা হয়েছে তৈরি পোশাক ও তার সঙ্গে সংশ্লিষ্ট কারখানাগুলোকে। এর পরও বন্ধ রাখা হয়েছে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ৪২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট।