সেমুতাংয়ের গ্যাসে স্থানীয় চাহিদা পূরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের গ্যাস-সম্পদের সুফল ভোগের প্রথম ও প্রধান দাবিদার পার্বত্য এলাকাবাসী। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস দিয়ে আগে স্থানীয় চাহিদা পূরণ করতে হবে। এই এলাকার জনগণকে বঞ্চিত রেখে এ গ্যাস বাইরে সরবরাহ করা চলবে না।গতকাল রোববার খাগড়াছড়ি সদরের স্বনির্ভর মাঠে গণতান্ত্রিক যুব ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গণতান্ত্রিক যুব ফোরাম আয়োজিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সংগঠক রিকো চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আপ্রুসি মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য মিন্টু ত্রিপুরা প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় জনগণের ঘোর আপত্তি অগ্রাহ্য করে সরকার সেমুতাংয়ের গ্যাস চট্টগ্রামে সরবরাহ করছে। সরকারের এ ধরনের আচরণ গুরুতর অন্যায়, বৈষম্যমূলক ও ঔপনিবেশিক মানসিকতাদুষ্ট। বক্তারা বলেন, সেমুতাং ছাড়াও সরকার পার্বত্য চট্টগ্রামের তেল-গ্যাসসহ সব ধরনের খনিজসম্পদ লুটের ষড়যন্ত্র করছে। কিন্তু সরকারকে ভুলে গেলে চলবে না, এসব প্রাকৃতিক সম্পদের ওপর সবচেয়ে বেশি অধিকার রয়েছে এলাকাবাসীর। তাই সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস দিয়ে স্থানীয় চাহিদা না মিটিয়ে পার্বত্য চট্টগ্রামের বাইরে তা সরবরাহ বন্ধ করতে হবে। সরকারকে অবিলম্বে স্থানীয় জনগণের চাহিদা মেটানোর উদ্যোগ নিতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে আবারও মাঠে ফিরে আসে।