সেমুতাংয়ের ছয় নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের মালিকানাধীন খাগড়াছড়ির সেমুতাং গ্যাসক্ষেত্রের ছয় নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটায় কূপটি থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকি আজ প্রথম আলোকে নতুন এই কূপটি থেকে গ্যাস উত্তোলন শুরুর বিষয় নিশ্চিত করেন। কূপে গ্যাস উত্তোলন উপলক্ষে তিনি সেমুতাংয়েই আছেন।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় অবস্থিত এই ক্ষেত্রটির নতুন এই কূপটি খনন করেছে রাশিয়ার কোম্পানি গাজপ্রোম। কোম্পানিটি বিভিন্ন গ্যাসক্ষেত্রে মোট ১০টি উন্নয়ন কূপ খননের জন্য চুক্তিবদ্ধ। সেমুতাং-৬ তাদের সেই ১০টির মধ্যে সপ্তম কূপ।
সেমুতাংয়ে এর আগে খনন করা পাঁচটি কূপের মধ্যে পাঁচ নম্বর কূপ থেকেও বর্তমানে দৈনিক প্রায় ৬০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। অন্য চারটি কূপ বন্ধ আছে।

দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২১ নম্বর কূপ থেকেও জাতীয় গ্রিডে দৈনিক দেড় কোটি ঘনফুট করে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেডের (বিজিএফসিএল) মালিকানাধীন তিতাস ক্ষেত্রের নতুন এই কূপটি খনন করেছে বাপেক্স।

এই নিয়ে দেশে দৈনিক গ্যাস উত্তোলনের ক্ষমতা প্র্রায় ২৪০ কোটি ঘনফুটে উন্নীত হলো। তবে চাহিদার তুলনায় তা এখনো প্রায় ৪০ কোটি ঘনফুট কম। চলতি বছরের শেষ নাগাদ আমেরিকান কোম্পানি শেভরন পরিচালিত বিবিয়ানা ক্ষেত্র থেকে দৈনিক প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু না হওয়া পর্যন্ত এই ঘাটতি পূরণ সম্ভব হবে না বলে পেট্রোবাংলার সূত্র জানায়।