সেরা আম খাদকের পুরস্কার সোনার আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম
আম

দেশের আমপ্রেমী ও বিশেষ করে আম খাদকদের জন্য রয়েছে দারুণ সুখবর। আম খাওয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনি যদি সেরা আম খাদক হতে পারেন, তবে পুরস্কার হিসেবে পাবেন একটি সোনার আম। পাবেন ‘নবাব এ আম’ খেতাবও। এ জন্য আপনাকে আসতে হবে ‘চাঁপাই ম্যাংগো ফেস্ট’ নামক আম উৎসবে।

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এ উৎসবের আয়োজন করছে জেলা প্রশাসন। মহানন্দা নদীর তীরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু-সংলগ্ন (মহানন্দা সেতু) বারঘরিয়ায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মাহমুদুল হাসান জানান, এ আম উৎসবে প্রদর্শিত হবে জেলায় উৎপাদিত নানা জাতের, নানা রঙের সুমিষ্ট আম ও আমজাত পণ্য। থাকবে আম খাদকদের জন্য আম খাওয়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরা আম খাদকের জন্য পুরস্কার হিসেবে থাকবে ‘সোনার আম’ এবং দেওয়া হবে ‘নবাব এ আম’ খেতাব।

এ ছাড়া পর্যটকদের জন্য থাকবে আমবাগানে প্রদর্শনের ও বাগান থেকে তাজা আম কেনার ব্যবস্থা। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসের পাশাপাশি উৎসব স্থলে তুলে ধরা হবে জেলার সাংস্কৃতিক ঐতিহ্য। জেলার ঐতিহ্যবাহী আলকাপ ও গম্ভীরা গানের পাশাপাশি পাটগান, লাঠিখেলা ও পুতুলনাচেরও আয়োজন করা হবে। দেশের বরেণ্য শিল্পীরা এখানে সংগীত পরিবেশন করবেন। থাকবে জেলার ঐতিহ্যবাহী রেশমের কাপড়, নকশিকাঁথাসহ জেলার ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী। মাষকলাইয়ের রুপিসহ ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থাও থাকবে উৎসবে।

উৎসবে আরও থাকবে আমচাষিদের সমাবেশ, আনন্দ আয়োজন ও সম্মাননা প্রদান। থাকছে আমবিষয়ক সেমিনার, আলোচনা, আড্ডা ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠান।

জেলার আমচাষি, ব্যবসায়ী, আড়তদার, আম প্রক্রিয়াজাতকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থার অংশগ্রহণে জমজমাট এক আম উৎসব আয়োজিত হবে বলে আশা করা হচ্ছে।

আম উৎসবকে সফল করার জন্য বেশ কিছুদিন থেকেই জেলা প্রশাসনে চলছে তোড়জোড়। জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি। মহানন্দা নদীর তীরে বারঘরিয়ার মনোরম চত্বরে চলছে স্টল নির্মাণ ও সাজসজ্জার কাজ।

জেলা প্রশাসক মাহমুদুল হাসান জানান, চাঁপাইনবাবগঞ্জের আমের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা এবং তা দেশের মানুষের সামনে তুলে ধরা, আমভিত্তিক পর্যটনশিল্পের বিকাশ, আমের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈচিত্র্য আনা, জেলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসার, জেলার ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করার উদ্দেশ্যেই তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এ উৎসবের আয়োজন করা হয়েছে।