সেরা কলেজের ক্রমিক নম্বর না করায় সন্তুষ্ট ভিকারুননিসা নূন
এইচএসসি পরীক্ষায় এবার সেরা কলেজের ক্রমিক নম্বর না করায় সন্তুষ্ট রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আজ রোববার ফলাফল ঘোষণার পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুফিয়া খাতুন এ কথা জানিয়েছেন।
সুফিয়া খাতুন বলেন, ‘সেরা কলেজের তালিকা না করায় আমরা সন্তুষ্ট। এই তালিকা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে।’ তিনি জানান, অনেক ভালো ফলাফল করার পরও যখন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সেরা তালিকায় থাকে না বা শীর্ষ অবস্থানে থাকে না তখন সবার মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়। এবারে সেরা তালিকা না থাকায় সেই নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।
এবারে রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী বালিকাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাসের হার ৯৯.৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৩৩ জন।
অধ্যক্ষ সুফিয়া খাতুন জানান, এবারে তাঁর কলেজের মোট পরীক্ষার্থী ছিলেন এক হাজার ৪৪১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৯৩৩ জন। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৮১ জন; জিপিএ ৫ পেয়েছেন ৮৩৩ জন। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬৯ জন; জিপিএ ৫ পেয়েছেন ২৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিলেন ২৯২ জন; জিপিএ ৫ পেয়েছেন ৭৬ জন। অধ্যক্ষ আরও বলেন, তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফেল করেছেন ছয়জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে দুজন, আর মানবিক বিভাগ থেকে চারজন। গতবারের চেয়ে এবার এ স্কুলের ফল ভালো হয়েছে বলে দাবি করেন সুফিয়া খাতুন।