সেরা কলেজের সেরা সমস্যা!
‘লোকে বলে, আমরা ভোলার সেরা কলেজের শিক্ষার্থী। কিন্তু আমরা যে সেরা সমস্যায় আছি, এ কথা কেউ জানে না। বৃষ্টি হলেই পানিতে ভিজে ক্লাস করতে হয়। পুরোনো টিন ছিদ্র হয়ে গেছে, ঝড়-বৃষ্টি হলেই পানিতে একাকার। শ্রেণীকক্ষের জানালা ভাঙা, বাতাসে পানি এসে বই-খাতা ভিজিয়ে দেয়।’ ভোলা নাজিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী নাজমুন নাহার এভাবেই তার কলেজের নানা সমস্যার কথা তুলে ধরে। একই ধরনের অভিযোগ কলেজের একাদশ শ্রেণীর হাসনা আক্তার, ইমাম হোসেন ও মো. শাহিন, দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের জান্নাতুল নাঈম, মানবিকের খায়রুল আলম, ডিগ্রি প্রথম বর্ষের শামিম, আছিয়া ও রুবিনাসহ সহস্রাধিক শিক্ষার্থীর।শিক্ষার্থীরা জানায়, কলেজে কক্ষসংকটের কারণে তাদের গাদাগাদি করে ক্লাসে বসতে হয়। বৈদ্যুতিক পাখা না থাকায় গ্রীষ্মে প্রচণ্ড গরমে ক্লাস করতে হয়। আবার বর্ষায় ঝড়-বৃষ্টির পানিতে বই-খাতা ভিজে যায়। এরপর শীত মৌওসুমে ভাঙা বেড়ার ফাঁক দিয়ে আসে প্রচণ্ড ঠান্ডা। দূরের শিক্ষার্থীদের জন্য আবাসনের কোনো ব্যবস্থা নেই। কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ১৯৮৬ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে ১২ কক্ষের একটি টিনের ঘরে ক্লাস চলে। এ ঘরটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে কলেজে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬৭ জন। এ অবস্থায় আরও ২০টি কক্ষ দরকার। সীমানাপ্রাচীরসহ দুটি তিনতলা পাকা ভবন দরকার। অথচ গত ২৫ বছরের মধ্যে ২০০৪ সালে কলেজে নয় কক্ষবিশিষ্ট একটি তিনতলা ভবন হয়েছে। বর্তমানে তারও করুণ দশা। এর দরজা-জানালাগুলো অকেজো হয়ে গেছে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। কিছু দিন আগে রেলিং ভেঙে পড়েছে। ওই ভবনে অফিস, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব করা হয়েছে। অধ্যক্ষ জানান, প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ভোলার মধ্যে সেরা ফলাফল করে আসছে। ২০০৫ সাল থেকে প্রতিবছর বরিশাল বোর্ডে সেরা দশে স্থান করে নিয়েছে এ কলেজ। এবারও (২০১১) বোর্ডে সেরা দশে অষ্টম স্থান দখল করেছে। স্থানীয় সাংসদ আন্দালিব রহমান পার্থ বলেন, ‘ভবন নির্মাণ খুবই জরুরি। আমি কয়েকবার মন্ত্রণালয়ে সুপারিশ করেছি। কিন্তু বিরোধী দলীয় সাংসদ হওয়ায় আমার সুপারিশ কাজে আসছে না।’