সেরা দশে রংপুরের চার বিদ্যালয়
দিনাজপুর বোর্ডে রংপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গতবারের তুলনায় এবার আরও ভালো করেছে৷ সেই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। সেরা ১০ স্কুলের মধ্যে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রথম, রংপুর জিলা স্কুল দ্বিতীয়, দ্য মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ পঞ্চম ও রংপুর ক্যাডেট কলেজ সপ্তম স্থান অধিকার করেছে৷
এ ছাড়া মেধা তালিকায় রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১২তম, বীর উত্তম শহীদ সামাদ উচ্চবিদ্যালয় ১৫তম ও রাইফেলস পাবলিক স্কুল ১৮তম স্থানে রয়েছে৷
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩৮ জনই জিপিএ-৫ পেয়েছে৷ গত বছর এই স্কুল থেকে ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছিল।
রংপুর জিলা স্কুল গত বছর বোর্ডে অষ্টম স্থান পেলেও এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে৷ ২৩৬ জনের মধ্যে ২১৯ জনই জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৭৯ জন।
দ্য মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের ৫৮ জন শিক্ষার্থীর ৫৭ জন জিপিএ-৫ পেয়েছে৷ গত বছর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ জন জিপিএ-৫ পেয়েছিল। রংপুর ক্যাডেট কলেজ গত বছর বোর্ডে তৃতীয় স্থান পেলেও এবার সপ্তম হয়েছে। তবে ৪৮ জনের মধ্যে ৪৮ জনই জিপিএ-৫ পেয়েছে।
রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৭০ জনের মধ্যে ২০০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ১২তম স্থান অধিকার করেছে। এ ছাড়া বীর উত্তম শহীদ সামাদ উচ্চবিদ্যালয়ের ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ১৫তম স্থান ও রাইফেল পাবলিক স্কুলের ৬৯ জনের মধ্যে ৫৩ জন জিপিএ-৫ পেয়ে ১৮তম স্থান পেয়েছে৷
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রশিদুল ইসলাম খান বলেন, ‘এবারের ফলাফলে আমরা খুবই আনন্দিত। নিয়মিত মডেল টেস্ট ও নিয়মশৃঙ্খলার কারণে এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।’
রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, পড়ার মান ভালো করতে প্রতিনিয়ত শিক্ষকেরা শিক্ষার্থীদের পেছনে শ্রম দিয়েছেন৷ এ কারণেই এমন সাফল্য এসেছে৷