সেরা পাঠকদের বাংলাদেশকে জানো শিক্ষা সফর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের সেরা বই পড়ুয়ারা ‘বাংলাদেশকে জানো’ শীর্ষক শিক্ষা সফরে এখন দেশ ঘুরে দেখছে। গতকাল তারা এই ভ্রমণে বেরিয়ে পড়েছে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তারা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে। গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বইপড়া কর্মসূচির সেরা এই পাঠকেরা ঢাকা থেকে প্রথমে বগুড়া, রাজশাহী, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও সেন্ট মার্টিন যাবে। এরপর চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, জাফলং ও শ্রীমঙ্গল হয়ে ঢাকা ফিরবে তারা।বইপড়া কর্মসূচি ২০১০ সালের ঢাকা, খুলনা ও চট্টগ্রামের ৬৬৩ জন সেরা পাঠকের মধ্যে বিশেষ রচনা প্রতিযোগিতার মাধ্যমে মোট ১২ জন বিজয়ী এই সফরের সুযোগ পায়। এরা হলো: ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল থেকে মুমতাহীনা মীম, জান্নাতুন নূর, আরিফা সানজিদা, ইসমাত জাহান ও ইউসেফ গণকটুলী সিটি করপোরেশন স্কুল থেকে সোহেল রানা। চট্টগ্রাম সালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় থেকে জয় পাল ও খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে ভাস্বতি শীল, সেন্ট যোসেফ হাইস্কুল থেকে নিউটন ঢালী। এদের মধ্যে আটজন শিক্ষার্থী গতকালই ভ্রমণে বেরিয়ে পড়ে। বাকি চারজন এসএসসি পরীক্ষা শেষে এই সফরে অংশ নেবে।সংবাদ সম্মেলনে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বই পড়ে স্বাদ নেওয়া যায়, কিন্তু স্বাদ অনুভূত হয় তা চোখে দেখে। দেশকে জানা মানে দেশকে ভালোবাসতে শুরু করা।’ দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, মানসিক উৎকর্ষ অর্জনে ভ্রমণের বিকল্প নেই।বিশ্বসাহিত্য কেন্দ্রের এই শিক্ষা সফরে সহযোগিতা করছে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লি.।