সেরা বিদ্যালয়ের করুণ হাল
পরীক্ষার ফল খুব ভালো। উপজেলা পর্যায়ে পাঁচ বছর ধরে সেরা। কিন্তু এটি শ্রেণিকক্ষ, বেঞ্চ, শিক্ষক-সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। শিশু শ্রেণির শিক্ষার্থীদের মেঝেতে বসে ক্লাস করতে হয়। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা গাদাগাদি করে বেঞ্চে বসে ক্লাস করে।
এ দুরবস্থা রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভালো ফল করলেও বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ।
গত রোববার বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একটি জরাজীর্ণ শ্রেণিকক্ষে এক শিক্ষক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। ক্লাসে ৫০ জন শিক্ষার্থী। দুজনের বসার বেঞ্চে চার-পাঁচজন গাদাগাদি করে বসেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৪৬ সালে প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬১। পাঁচ বছর ধরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠ স্থান অর্জন করছে। ২০১০ সালে বিদ্যালয়টি থেকে সমাপনী পরীক্ষায় ৮৩ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। এর মধ্যে মেধাবৃত্তি ১৮ জন ও সাধারণ গ্রেডে পাঁচজন বৃত্তি পায়। ২০১৩ সালে সমাপনী পরীক্ষায় ১১৪ জন অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৫৪ জন শিক্ষার্থী। মেধাবৃত্তি পায় ১৩ জন। পাসের হার শতভাগ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম শাহ্ বলেন, শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৭০০। বেঞ্চের প্রয়োজন ৩৫০ জোড়া। আছে মাত্র ১১০ জোড়া। এতে শিক্ষার্থীরা গাদাগাদি করে ক্লাস করে। শিশু শ্রেণির শিক্ষার্থীরা বসে মেঝেতে। বিদ্যালয়টিতে কক্ষ রয়েছে ১৩টি। এর মধ্যে আধা পাকা ছয়টি শ্রেণিকক্ষ জরাজীর্ণ হয়ে পড়েছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মডেল স্কুলের জন্য ৩৫ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকার নিয়ম। সেই হিসাবে ওই বিদ্যালয়ে ৭০০ জন শিক্ষার্থীর বিপরীতে ২০ জন শিক্ষক থাকার কথা। কিন্তু ওই বিদ্যালয়ে আছেন মাত্র ১২ জন শিক্ষক।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস খানম বলেন, ৭০০ জন শিক্ষার্থীকে পাঠদান করানো এই কয়েকজন শিক্ষকের পক্ষে দুষ্কর হয়ে পড়েছে।
প্রধান শিক্ষক বলেন, এসব সমস্যার পাশাপাশি অভিভাবকদের বসার কোনো ব্যবস্থাও এখানে নেই। সন্তানদের বিদ্যালয়ে নিয়ে আসার পর তাঁদের দাঁড়িয়েই থাকতে হয়।
বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের মধ্যে বালুয়াভাটা গ্রামের অভিভাবক বিলকিস বেগম বলেন, ‘সন্তানকে ক্লাসে দিয়ে অপেক্ষা করছি। স্কুল ছুটি না দেওয়া পর্যন্ত দাঁড়িয়েই থাকতে হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, দ্রুত ওই বিদ্যালয়ে আরও পাঁচজন শিক্ষক দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ইতিমধ্যে বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। আশা করছি, অচিরেই নির্মাণকাজ শুরু হবে। অন্যান্য সমস্যাও সমাধানের চেষ্টা করা হচ্ছে।’