সেরা রপ্তানিকারকদের স্বীকৃতি দেবে এইচএসবিসি
ষষ্ঠবারের মতো এবারও দেশের সেরা রপ্তানিকারকদের স্বীকৃতি দেবে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি)। চারটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠান এই পুরস্কার পাবে।
আগ্রহী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পুরস্কারের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পুরস্কারের জন্য আবেদনপত্র ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.hsbc.com.bd/eea ওয়েবসাইটে। নভেম্বরের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
রাজধানীর একটি হোটেলে আজ এক সংবাদ সম্মেলনে ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ শীর্ষক এই পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানানো হয়। এতে বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকো, ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড অব কমার্শিয়াল ব্যাংকিংয়ের ভুবনেষ খান্না ও কান্ট্রি হেড অব কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার।
সংবাদ সম্মেলনে জানান হয়, ২০১০ সাল থেকে এইচএসবিসি দেশের সেরা রপ্তানিকারকদের এই স্বীকৃতি দিয়ে আসছে। প্রতিবারের মতো এবারও বিজয়ী নির্বাচনের কোনো পর্যায়েই এইচএসবিসির সংশ্লিষ্টতা থাকবে না। দেশের সব রপ্তানিকারক প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবে। এ জন্য তাদের এইচএসবিসির গ্রাহক হওয়ার প্রয়োজন নেই। এই পুরস্কারের কৌশলগত সহযোগী হিসেবে আছে দ্য ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
বছরের সেরা রপ্তানিকারক হিসেবে যে চারটি ক্যাটাগরিতে প্রতিষ্ঠান নির্বাচিত হতে পারবে সেগুলোর প্রথমটি হচ্ছে-তৈরি পোশাক ও বস্ত্রশিল্প। এ ক্ষেত্রে আছে দুইটি গ্রুপ। বার্ষিক রপ্তানি আয় ৫ কোটি ডলার বা তার বেশি হলে ‘গ্রুপ এ’ এবং কম হলে ‘গ্রুপ বি’। এ ছাড়া ‘ইপিজেড এন্টারপ্রাইজেস’ শীর্ষক ক্যাটাগরিতে পুরস্কারের জন্য আবেদন করতে পারবে দেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের প্রতিষ্ঠানের বাইরে যাদের বার্ষিক রপ্তানি আয় ৫০ লাখ ডলার বা তার বেশি সেসব প্রতিষ্ঠান ‘সনাতন ও উদীয়মান ক্ষেত্র’ ক্যাটাগরি এবং ৫০ লাখ ডলারের কম হলে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প’ ক্যাটাগরিতে আবেদন করা যাবে।
ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকো তাঁর বক্তব্যে বলেন, ‘এইচএসবিসি বিশ্বের নেতৃস্থানীয় ব্যাংক। সারা বিশ্বের ৬ হাজার কার্যালয়ের মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি। ব্যাংকটির বিশাল এই নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে ১০০ কোটি ডলার লেনদেন হচ্ছে। তাই সুষ্ঠুভাবে আন্তর্জাতিক বাণিজ্য করার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এইচএসবিসি বাংলাদেশের এই প্রধান নির্বাহী বলেন, ‘রপ্তানিকারকেরাই বাংলাদেশকে বহির্বিশ্বে নিয়ে গেছেন। দেশটির রপ্তানি প্রবৃদ্ধি প্রতি বছরই বাড়ছে। ফলে এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের মাধ্যমে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের রপ্তানিকারকদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরার এই সুযোগ দিতে পেরে আমরা গর্বিত।’