সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থাকবে না: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘সেরা ২০ বা ১০ শিক্ষাপ্রতিষ্ঠান’ হিসেবে কোনো তালিকা করা হবে না। বিদ্যমান বহুনির্বচনী প্রশ্ন (এমসিকিউ) নিয়ে প্রশ্ন ওঠায়, এ ব্যাপারে আলোচনা করে এটি রাখা না-রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা সৃষ্টির জন্য সৎ উদ্দেশ্যে ‘সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠান’ নির্বাচন চালু হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, তালিকায় ওপরের দিকে থাকতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অস্বাভাবিক, অনৈতিক ও অসৎ পথ অবলম্বন করছে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক আগে থেকেই এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছিলাম। দেরিতে হলেও শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রশংসনীয়।’
কয়েক বছর আগে থেকে জাতীয় পর্যায়ে বোর্ডগুলো আলাদাভাবে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করে আসছে।
এ ছাড়া জেলা পর্যায়ে সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করা হতো। পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তিসহ পাঁচটি সূচকে এসব প্রতিষ্ঠান বাছাই করা হতো। কিন্তু এ কারণে এক শ্রেণির শিক্ষাপ্রতিষ্ঠান প্রশ্নপত্র ফাঁস, দুর্বল পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়াসহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করছে।
শিক্ষামন্ত্রীও গতকাল স্বীকার করেছেন, স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানও এ ধরনের অনৈতিক কাজ করছে। শিক্ষাসচিব বলেন, তাঁরা চান সব প্রতিষ্ঠানই ভালো করুক। সব প্রতিষ্ঠানই একসঙ্গে এগিয়ে যাক। তাই সেরা প্রতিষ্ঠান না করার সিদ্ধান্ত হয়েছে।