সেরা সংগঠকদের সম্মাননা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় সেরা সংগঠকদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। সকাল ১০টায় নগরের নানকিং দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সেরা সংগঠকদের এ পুরস্কার দেওয়া হয়।

আয়োজকেরা বলেন, রাজশাহী বিভাগের ৮টি জেলার ২৬টি উপজেলায় ১ হাজার ৬৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংগঠককে ‘সেরা সংগঠক সম্মাননা পুরস্কার-২০১৬’ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেকায়েপের (সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রকল্প) পরিচালক ও অতিরিক্ত সচিব মাহামুদ-উল-হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহীর পরিচালক আব্দুল মান্নান সরকার, সেকায়েপের প্রকল্প কর্মকর্তা ফারজানা রসুল ও রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উপসচিব ও সহদলনেতা শরিফ মো. মাসুদ প্রমুখ। সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অবসরপ্রাপ্ত সচিব খোন্দকার আসাদুজ্জামান।

প্রধান অতিথি মাহামুদ-উল-হক বলেন, সেকায়েপ প্রকল্পের একটি অন্যতম উদ্যোগ বইপড়া কর্মসূচি। মানুষকে বড় হতে হলে তাঁকে বই পড়তেই হবে। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য, জীবনকে আলোকিত ও বিকশিত করা। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগার উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য সেকায়েপ প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের ২৫০টি উপজেলার প্রায় ১২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান বলেন, বইপড়া মানুষের ভালো অভ্যাসগুলোর মধ্যে অন্যতম। বর্তমান সৃজনশীল পদ্ধতিতে ভালো করতে ও বড় হতে হলে বই পড়তেই হবে। বইপড়ার পাশাপাশি বই কেনার প্রতিও তিনি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সেরা সংগঠকদের মধ্য থেকে দুজন সেরা সংগঠক পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। বই পড়ার অভ্যাসের কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে সংগঠকেরা এই কার্যক্রমকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মাধ্যমিক স্তরের স্কুলের মতো মাদ্রাসাগুলোতে গ্রন্থাগারিকের পদ সৃষ্টি করার জন্য সরকারের কাছে তাঁরা দাবি জানান।