সেরা ১০ প্রভাবশালী বাংলাদেশির তালিকায় ইউনূস, আবেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সেরা ১০ জন প্রভাবশালী বাংলাদেশির মধ্যে স্থান পেয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

গত মঙ্গলবার লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’ বিশ্বের সেরা ১০ জন প্রভাবশালী বাংলাদেশির তালিকা প্রকাশ করেছে। তালিকায় আরও রয়েছেন ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা জোয়াদ করিম, খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান, জাগো ফাউন্ডেশনের করবি রাখসানদ, আইনজীবী সারা হোসেইন, ক্রিকেটার সাকিব আল হাসান, মেডট্রনিকের সিইও ওমর ইসরাক, সুমাইয়া কাজী ও এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ রুমে এই তালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ সমাজব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন এমন প্রভাবশালী প্রতিভাবান বাংলাদেশি বংশোদ্ভূত ১০০ জন ব্যক্তির তালিকাও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনাস সাঈদা ওয়ার্সি। এ সময় উপস্থিত ছিলেন পার্লামেন্ট সদস্য ড্যানি আলেক্সান্ডার, বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের চেয়ার অ্যান মেইন, পার্লামেন্ট সদস্য ডেইম টেসা জাওয়েল, লর্ড করন বিলিমোরিয়া প্রমুখ।

২০১৪ সালের প্রভাবশালী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যক্তিত্বদের তালিকাটি ২০টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। রাজনীতি, ব্যবসা ও শিল্প উদ্যোগ, আবিষ্কার, গণমাধ্যম, ক্রীড়া, সংস্কৃতি, সেলিব্রেটি, রেস্টুরেটার্স ও উদীয়মান প্রতিভা।