সেরা ১২ মেধাবী খুঁজবে শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্য থেকে তিনটি গ্রুপে চারটি বিষয়ে বছরের সেরা ১২ মেধাবী নির্বাচন করবে। এই প্রথম মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী অনন্যসাধারণ মেধা অন্বেষণ ও শহর-গ্রামের বৈষম্য নিরসনে জাতীয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩ আয়োজন করেছে।উপজেলা পর্যায়ে ১১-১৩ মার্চ, জেলা পর্যায়ে ১৬-১৮ মার্চ, বিভাগসমূহ বা ঢাকা মহানগর পর্যায়ে ২১-২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ২৯-৩০ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ-অষ্টম, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—এই তিনটি গ্রুপে চারটি বিষয়ে মোট ১২ জনকে জাতীয় পর্যায়ে ‘বছরের সেরা মেধাবী’ হিসেবে নির্বাচন করা হবে। বিষয় চারটি হলো: ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ।প্রতিটি উপজেলার স্কুল-কলেজ থেকে প্রতিযোগিতার মাধ্যমে তিনটি গ্রুপে চারটি বিষয়ে ১২ জনকে উপজেলার সেরা মেধাবী হিসেবে বাছাই করা হবে। তাদের জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। প্রতিটি জেলা থেকে একইভাবে ১২ জনকে জেলার সেরা মেধাবী বাছাই করে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে। সাতটি বিভাগ ও ঢাকা মহানগর থেকে নির্বাচিত ৯৬ জন সেরা বিভাগীয় মেধাবী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখান থেকে নির্বাচন করা হবে বছরের সেরা মেধাবী ১২ জন। প্রতিটি পর্যায়ে বিজয়ীদের সনদ ও পুরস্কার দেওয়া হবে। জাতীয়ভাবে বছরের সেরা মেধাবী ১২ জনকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে নাম নিবন্ধন করাতে হবে।এ-সম্পর্কিত বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তথ্য বিবরণী।