সেরা ১৪১ করদাতা ট্যাক্স কার্ড পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্স কার্ড দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। সবার নামের তালিকা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে এনবিআর।

ব্যক্তি পর্যায়ে ট্যাক্স কার্ড দিতে ‘বিশেষ শ্রেণি’ এবং ‘আয়ের উৎস বা পেশা’ নামের দুটি শ্রেণি করা হয়েছে। বিশেষ শ্রেণির মধ্যে রয়েছে সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী এবং তরুণ। আয়ের উৎস বা পেশার মধ্যে রয়েছে ১৩টি শ্রেণি। এগুলো হচ্ছে ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাবরক্ষক, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) এবং অন্যান্য। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোম্পানি পর্যায়ে ট্যাক্স কার্ড পাচ্ছে ৫৫টি কোম্পানি।

সিনিয়র সিটিজেন শ্রেণিতে ট্যাক্স কার্ড পাবেন স্যামুয়েল এস চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, চট্টগ্রামের আলী হোসাইন আকবর আলী, রাজশাহীর অনিতা চৌধুরী এবং ঢাকার এম আনিস-উদ-দৌলা।

 গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শ্রেণিতে ট্যাক্স কার্ড পাবেন ঢাকার তিনটি কর অঞ্চলের আবু সালেহ মোহাম্মদ নাসিম, মো. নাসিরউদ্দিন মৃধা ও এস এম আবদুল ওয়াহাব এবং কুমিল্লার দুটি কর অঞ্চলের মো. আবদুল ওয়াহাব ও মো. আবুল খায়ের।

 নারী শ্রেণিতে হোসনে আরা হোসেন, লায়লা হোসেন, পারভীন হাসান, রাজশাহীর বুলা চৌধুরী এবং রংপুরের নিশাত ফারজানা চৌধুরী ট্যাক্স কার্ড পাবেন।

 তরুণ শ্রেণিতে রয়েছেন নাফিস সিকদার, গাজী গোলাম মতুর্জা, মো. শাহনেওয়াজ, সিলেটের এ কে এম আতাউল করিম এবং চট্টগ্রামের সৈয়দ মোহাম্মদ তানভীর।

 প্রতিবন্ধী শ্রেণিতে রয়েছেন ঢাকার আকরাম মাহমুদ, সিলেটের মো. মামুনুর রশিদ এবং মো. কুমিল্লার জহিরুল ইসলাম।

 ব্যবসায়ী হিসেবে সেরা করদাতা হয়েছেন ঢাকার মো. কাউছ মিয়া, আবদুল কাদির মোল্লা, খন্দকার বদরুল হাসান, কামরুল আশরাফ খান এবং চট্টগ্রামের মোহাম্মদ কামাল।

 চিকিৎসক হিসেবে আছেন এ কে এম ফজলুল হক, প্রাণ গোপাল দত্ত, জাহাঙ্গীর কবির, এন এ এম মোমেনুজ্জামান এবং মো. আবদুল মোবিন খান।

 আইনজীবী শ্রেণিতে আছেন শেখ ফজলে নূর তাপস, মাহবুবে আলম, আহসানুল করিম, কাজী মুহাম্মদ তানজীবুল আলম এবং মুহাম্মদ কবির উজ্জামান ইয়াকুব।

 খেলোয়াড় হিসেবে আছেন তামিম ইকবাল খান, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। অভিনেতা-অভিনেত্রী শ্রেণিতে রয়েছেন মেহের আফরোজ শাওন, শাকিব খান এবং জাহিদ হাসান। শিল্পীদের মধ্যে সেরা করদাতা রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও এস ডি রুবেল।

 স্থপতি শ্রেণিতে ট্যাক্স কার্ড পাবেন মো. রফিক আজম, মো. ইকবাল হাবিব এবং এনামুল করিম নির্ঝর।

 নতুন করদাতা শ্রেণিতে সাতজন হলেন সিলভানা সিনহা, তানিয়া কাদের সিনহা, নাবিলা মির্জা, সৈয়দ মুহম্মদ তাহমির, ছয়ফুল মিয়া, মো. শাহরব মিয়া এবং সুহিতা আসরাফি।

সাংবাদিক হিসেবে সেরা করদাতা ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, চট্টগ্রামের দৈনিক আজাদী সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক এবং সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। এই ক্যাটাগরিতে মাহ্‌ফুজ আনাম ও মতিউর রহমান গত বছরও সেরা করদাতা হয়েছিলেন। আর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে আছে মিডিয়া স্টার, ট্রান্সক্রাফট, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। গতবারের তালিকায়ও নাম ছিল মিডিয়া স্টার, ট্রান্সক্রাফট এবং মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের। মিডিয়া স্টার থেকে প্রথম আলো এবং মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড থেকে দ্য ডেইলি স্টার প্রকাশিত হয়। আর ট্রান্সক্রাফট থেকে ছাপা হয় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার।

 প্রাতিষ্ঠানিক করদাতার মধ্যে ব্যাংক শ্রেণিতে রয়েছে ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, ইউসিবিএল, পূবালী ব্যাংক ও ডাচ্‌-বাংলা ব্যাংক।

খাদ্য ও আনুষঙ্গিক খাতে নেসলে বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ।

যোগ্য করদাতা হিসেবে সবাইকে চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ট্যাক্স কার্ড ও সম্মাননা দেবে সরকার। নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। যেকোনো ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধাও দেওয়া হবে। এ ছাড়া বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন। ট্যাক্স কার্ড দেওয়ার পর থেকে এর মেয়াদ থাকবে এক বছর।