সেরা ২০-এ ফেনীর ৪, নোয়াখালীর ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চারটি ফেনীর। একই তালিকায় ঠাঁই করে নিয়েছে নোয়াখালীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।
কুমিল্লা বোর্ডে ফেনী গার্লস ক্যাডেট কলেজ তৃতীয় স্থান দখল করেছে। এ ছাড়া ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় চতুর্থ, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম ও ফেনীর শাহীন একাডেমি ১৬তম স্থান দখল করেছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এবার ৬০ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে।
ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন। পাসের হার শতভাগ।
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২১৬ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। এই বিদ্যালয়ের পাসের হার শতভাগ।
শাহীন একাডেমি থেকে ৩৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন। পাসের হার শতভাগ।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহানারা চৌধুরী বলেন, ভালো ফল কারও
একক কৃতিত্বে হয়নি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবারই ভূমিকা ছিল।
ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, এ ফল তাদের প্রত্যাশিত ছিল।
কুমিল্লা বোর্ডে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দশম ও নোয়াখালী জিলা স্কুল দ্বাদশ স্থান লাভ করেছে।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিক জান্নাতুল তাজেরীন প্রথম আলোকে জানান, তাঁদের বিদ্যালয় থেকে ৩০৪ জন ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৮ জন।
নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া জানান, জিলা স্কুল থেকে ২৫৯ জন ছাত্র জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন।