সেরা ২০-এ বরগুনার গ্রামের চার বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির ফলাফলে এবার বরগুনার গ্রামের বিদ্যালয়গুলো ভালো করেছে। বরিশাল শিক্ষা বোর্ডের সেরা ২০-এর তালিকার মধ্যে স্থান করে নিয়েছে গ্রামের চারটি বিদ্যালয়। তবে শহরের বিদ্যালয়গুলোর ফলাফলে ধস নেমেছে।
গত শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বরগুনা জেলার ১৪৩টি বিদ্যালয়ের ৭ হাজার ৪৩২ শিক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৩৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২১৩ জন। পাসের হার ৮৪ দশমিক ১৩ ভাগ।
এর মধ্যে সেরা ২০-এর তালিকায় চতুর্থ হয়েছে পাথরঘাটা উপজেলার তসলিমা মেমোরিয়াল একাডেমি। এ বিদ্যালয় থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। ষষ্ঠ হয়েছে তালতলী উপজেলার বগিরহাট মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। নবম হয়েছে তালতলীর ছোট বগি পিকে মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। ১৮তম অবস্থানে আছে আমতলীর চড়কগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২১ জন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অপেক্ষাকৃত গ্রামের প্রতিষ্ঠানগুলো ভালো করেছে। বরগুনার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল খুবই হতাশাব্যঞ্জক। এর মধ্যে বরগুনা জিলা স্কুলে ১৬১ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। গতবার ১৯৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছিল ৪২ জন। এ ছাড়া বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ফলও আশানুরূপ নয়। এ বিদ্যালয়ে এবার ১৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১১ জন। গত বছর এ বিদ্যালয় থেকে একই সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৪ জন জিপিএ-৫ পেয়েছিল। বরগুনা সদরের প্রি-ক্যাডেট মাধ্যমিক বিদ্যালয় এবার অপেক্ষাকৃত নতুন প্রতিষ্ঠান হিসেবে ভালো ফল করেছে। এ প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষা দিয়ে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।
বরগুনায় শিক্ষার মানোন্নয়নের জন্য গঠিত ‘শিক্ষার মানোন্নয়ন কমিটির’ সদস্য ও অভিভাবক সামসুদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘বরগুনা শহরের দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের গাফিলতি, অবাধ প্রাইভেট-বাণিজ্য ও শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে শিক্ষার মান ধ্বংস হয়ে যাচ্ছে। এবারের এসএসসির ফলে বিপর্যয় তারই প্রতিফলন। দুই বছর আগে আমরা এ নিয়ে সামাজিক আন্দোলন শুরু করার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল।’
বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগম গত রোববার প্রথম আলোকে বলেন, ‘আমাদের বেশ কিছু মেধাবী ছাত্র এবার প্রি-ক্যাডেট মাধ্যমিক বিদ্যালয়ে চলে যাওয়ায় ফল কিছুটা খারাপ হয়েছে। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতা, লাগাতার অবরোধের কারণে ফলাফলে প্রভাব পড়েছে। তবে আমাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না।’