জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের সেরা ২০-এ স্থান করে নিয়েছে জেলা সদরের বাইরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা ভালো ফল করেছে।সেরা ২০-এ স্থান করে নেওয়া মফস্বলের স্কুলগুলো হলো যশোরের ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদদীন হাইস্কুল, নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া মাধ্যমিক বিদ্যালয় ও যশোরের শার্শার বুরুজবাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়।তালিকার শীর্ষে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। দ্বিতীয় খুলনা জিলা স্কুল ও তৃতীয় স্থানে রয়েছে যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়।যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি ও শিক্ষকের নিয়মিত পাঠদান নিশ্চিত করার জন্যই ভালো ফল হয়েছে।যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, গ্রামের অভিভাবকদের অনেকেই তেমন সচেতন নন। এ জন্য সন্তানদের ভালো ফলের ব্যাপারেও তাঁরা তেমন আন্তরিক নন, যার জন্য ফল এমন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সবে ফল প্রকাশ করা হলো, গ্রামের স্কুলগুলো তুলনামূলক ভালো ফল কেন করতে পারেনি, তা পর্যালোচনা করে দেখা হবে। এরপর ভালো ফল করানোর ব্যাপারে পরিকল্পনা নেওয়া হবে।ছেলেরা এগিয়ে: যশোর শিক্ষা বোর্ডে এবার ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। কিন্তু পাসের হার ও জিপিএ-৫-এর ভিত্তিতে মেয়েরা ফলাফলে পিছিয়ে পড়েছে।পরীক্ষায় মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৪ হাজার ৪৯২ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৭৩ হাজার ৩১২ জন। তাদের মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৪৩২ জন। মোট ৩০২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এই বোর্ডে ৭১ হাজার ১৮০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে ৪৫ হাজার ৮০৩ জন। ৪৩৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। এ বোর্ডে সর্বমোট পাস করেছে ৯০ হাজার ২৩৫ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৬২ দশমিক ৪৫।