সেরা ২০-এর তালিকায় যশোরের পাঁচটি স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় যশোরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান সেরা ২০-এর তালিকায় স্থান পেয়েছে। তবে আগের দুই বছরের তুলনায় ওই প্রতিষ্ঠানগুলো এবার তালিকায় নিচের সারিতে রয়েছে।সেরা ২০-এর তালিকায় এবার ৭ নম্বরে থাকা যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ২০১২ সালে ৫ নম্বর ও ২০১১ সালে ২ নম্বরে ছিল। ১০ নম্বরে থাকা দাউদ পাবলিক স্কুল ২০১২ সালে তালিকায় স্থান পায়নি। তবে ২০১১ সালে স্কুলটি ছিল ৮ নম্বরে।এবার ১২ নম্বরে থাকা ঝিকরগাছার শেখ আকিজউদ্দীন উচ্চবিদ্যালয় ২০১২ সালে ৮ ও ২০১১ সালে ৩ নম্বরে ছিল। ১৫ নম্বরে থাকা যশোর জিলা স্কুল ২০১২ সালে ১১ ও ২০১১ সালে ৯ নম্বরে ছিল। এ ছাড়া ১৭ নম্বরে থাকা যশোর সরকারি বালিকা বিদ্যালয় গত বছর ৯ ও ২০১১ সালে ১০ নম্বরে ছিল।পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নিবন্ধন করার পর অনেক পরীক্ষার্থী চলে যাওয়ার কারণে পয়েন্ট কমে গেছে। এ কারণে তাঁরা আগের বছরের তুলনায় এবার পিছিয়ে পড়েছেন। যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, তাঁর স্কুলের দুই শিক্ষার্থী এবার পরীক্ষা দেয়নি। ফলে সামগ্রিক ফলাফল আগের তুলনায় খারাপ হয়েছে। যশোর বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। এ বোর্ডের গড় পাসের হার ৯২ দশমিক ৬২ শতাংশ। গত বছর ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৮৬ জন। গত বছর এ সংখ্যা ছিল পাঁচ হাজার ৮২৫। যশোর বোর্ডের সামগ্রিক ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু দাউদ বলেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে এবারের পরীক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে। যে কারণে সেখান থেকে মেধাবীরা বাছাই হয়ে এসেছে। এ কারণে ফল ভালো হয়েছে।