সেরাদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার বসেছিল মেধাবী ও সেরা শিক্ষার্থীদের মিলনমেলা। বিশ্বসাহিত্য কেন্দ্র ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া সম্মাননা নিতে এসে দিনভর উচ্ছ্বাস-আনন্দে কেটেছে মেধা ও মননশীলতায় সেরা সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর। সেরাদের জন্য পুরস্কার হিসেবে ছিল মেডেল ও বিখ্যাত লেখকদের বই। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন।
মেধা অর্জনে উৎসাহিত করতে বিদ্যালয়ের ২০১৫ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বার্ষিক পরীক্ষায় সেরা সাড়ে পাঁচ শ শিক্ষার্থীর জন্য আনুষ্ঠানিকভাবে এই সম্মাননার আয়োজন করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখায় নবনির্বাচিত ছায়া সংসদের প্রতিনিধিদেরও সম্মাননা জানানো হয়।
শিক্ষার্থীদের জন্য চমক ছিল প্রধান অতিথির পক্ষ থেকেও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাংসদ আবদুল মান্নান শিক্ষার্থীদের ১০০টি বৈদ্যুতিক পাখা উপহার দেন। সাংসদের ব্যবস্থাপনাধীন এক্সিম ব্যাংকের পক্ষ থেকে প্রদান করা হয় কম্পিউটার ল্যাব। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বিদ্যালয় চত্বরে স্থায়ী মঞ্চ, একাডেমিক ভবন নির্মাণেরও ঘোষণা দেন সাংসদ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবদুল মান্নান বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের একগাঁদা বই ব্যাগে ভরে কাঁধে করে বইতে হবে না। শিক্ষা পদ্ধতি হবে প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের কাঁধে বইভর্তি ব্যাগের বদলে হাতে থাকবে শুধু ল্যাপটপ। শ্রেণিকক্ষে কোনো বই পড়ানো হবে না। প্রযুক্তির মাধ্যমে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হবে। বাসায় ফিরে পড়তে বসার কোনো দরকার হবে না। ২০৪১ সালের মধ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম। বক্তব্য দেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন, বিশ্বসাহিত্য কেন্দ্রের বগুড়ার সমন্বয়ক এ টি এম রাশেদুল ইসলাম।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রাবেয়া খাতুন বলেন, মেধাবীসহ নানা ক্ষেত্রে সেরাদের উৎসাহ দিতে এই সম্মাননার আয়োজন করা হয়।