কারিগরি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নাটোর জেলার বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজকে সেরা হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহম্মেদের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এন এস সরকারি কলেজ অডিটরিয়ামে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা প্রশাসক শাহিনা খাতুন এই পুরস্কার তুলে দেন। এ ছাড়া ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি হিসেবে নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদকে সেরা কর্মকর্তা ও গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক পাভেল হোসেনকে সম্মাননা দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁইয়া প্রমুখ। নাটোর প্রতিনিধি