সেরার আসন ধরে রেখেছে রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন প্রখর রোদেও উচ্ছ্বাস কমেনি তাঁদের। এইচএসসি পরীক্ষায় দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস যেন থামতেই চায় না।
গতকাল শনিবার সকালে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার পর কলেজ প্রাঙ্গণজুড়ে ছিল এ দৃশ্য। সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে রাজউক উত্তরা মডেল কলেজ। এ বছর এখান থেকে এক হাজার ২১৭ জন পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১২৭ জন। এ ছাড়া পাসের হার শতভাগ। গত বছর এইচএসসি পরীক্ষার ফলে সারা দেশে শীর্ষস্থান অধিকার করেছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।
বাংলা মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে ৬৩১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬২৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৩৫ পরীক্ষার্থীর মধ্যে ৩৩২ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া মানবিক বিভাগ থেকে ১১০ জন পরীক্ষার্থী মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৯ জন।
ইংরেজি মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৩ জনের মধ্যে ২৭ জন জিপিএ-৫ পেয়েছেন।
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা প্রথম আলোকে বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এ সফলতার কারণ। অভিভাবকেরা অত্যন্ত যত্নবান বাচ্চাদের প্রতি। এ ছাড়া শিক্ষকেরাও খুব আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।’
মাঠের কোণে নিজেদের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেল কয়েকজন বন্ধুকে। ব্যান্ড বাজিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। ‘আমরা রাজউক, আমরা সেরা’ বলে উল্লাস করছিলেন তাঁরা।