রাজশাহী বোর্ডে সেরার তালিকায় বগুড়ার বিদ্যালয়গুলোর জয়জয়কার। এবারও বোর্ডে সেরা ২০-এর তালিকায় প্রথম স্থানসহ বগুড়া শহরের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।গত বছর এসএসসিতে এ বোর্ডে প্রথম স্থান অর্জন করেও ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এবার রাজশাহী বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে বগুড়া জিলা স্কুল। আর তৃতীয় হয়েছে গতবারের সেরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন। বোর্ড সেরা বগুড়া জিলা স্কুল থেকে ২৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন। এর আগে ১৯৯৬ এবং ২০০২ সালেও প্রতিষ্ঠানটি বোর্ডে প্রথম স্থান অর্জন করেছিল। গত বছর তারা চতুর্থ স্থানে ছিল। সাফল্যের প্রতিক্রিয়ায় জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকেরা হূদয় দিয়ে পাঠদান এবং শিক্ষার্থীরা তা মন দিয়ে গ্রহণ করায় এ সাফল্যের পেছনে কাজ করেছে বলে মনে করি। সাফল্যের এ ধারা ভবিষ্যতে ধরে রাখার পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন এবং প্রতিষ্ঠানটিকে সারা দেশের জন্য রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবার সমিঞ্চলিত প্রচেষ্টা থাকবে।’ প্রথম ও তৃতীয় ছাড়া এবার বোর্ড সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাকিগুলো হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানটি এবার বোর্ডে অষ্টম স্থান অর্জন করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২০ জন। গত বছর ১৬তম স্থানে থাকা বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবার ১৩তম স্থান অর্জন করেছে। এখান থেকে জিপিএ পেয়েছে ১৬৯ জন। এ ছাড়া বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজ বোর্ডের ১৪তম, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ১৬তম এবং পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ ১৮তম স্থান অর্জন করেছে।