সেরার তালিকায় বগুড়া এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এগিয়ে আছে। এবারের ফলাফলেও বোর্ডের ২০টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বগুড়ার সাতটি বিদ্যালয় স্থান করে নিয়েছে। বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যাও। বোর্ডে সেরা ২০-এর তালিকায় স্থান করে নেওয়া জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—বগুড়া সরকারি বালিকা বিদ্যালয় (তৃতীয়), এসওএস হারম্যান মেইনার স্কুল (চতুর্থ), বগুড়া জিলা স্কুল (ষষ্ঠ), আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ (সপ্তম), বিয়াম মডেল স্কুল ও কলেজ (দশম) ও পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল ও কলেজ (১৮তম)। ২০১০ সালে বোর্ডে জেলার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান স্থান করে নিয়েছিল। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, ‘শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে এ ফল হয়েছে। শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়ে থাকে, তা ঠিকমতো মেনে চলা হয়। আমি শিক্ষার্থীদের বলেছি, তারা স্কুলের নিয়ম মেনে চললে ভালো ফল করবে।’ জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী মণ্ডল তাঁর বিদ্যালয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা আরও ভালো ফল করার চেষ্টা করছি। ভবিষ্যতে আরও ভালো ফল পেতে আমরা সচেষ্ট থাকব। যেদিন সব পরীক্ষার্থী জিপিএ-৫ পাবে, সেদিন আরও খুশি হব।’ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, বগুড়া বিভাগীয় শহর নয়, তার পরও বলতে হবে, এখন এই শহর শিক্ষার শহরে পরিণত হয়েছে। ছেলেমেয়েদের মধ্যে লেখাপড়ার প্রতিযোগিতা এবং এই শহরের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিভাবকেরা তাঁদের সন্তানদের পড়ানোর জন্য চেষ্টা করছেন।