এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে নীলফামারীর সৈয়দপুরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলোর মধ্যে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় চতুর্থ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সপ্তম ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ নবম স্থান দখল করেছে।দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সৈয়দপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এবার ১৮৭ জন জিপিএ-৫ পেয়েছেন। বোর্ড সেরাদের তালিকায় চতুর্থ স্থানে থাকা সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে ১৫৯ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৫৫ জন। পাসের হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৫৯ জন জিপিএ-৫ পেয়েছেন। সপ্তম অবস্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৯৫ জন পাস করেছেন। পাসের হার ৯৯ দশমিক ২৭ শতাংশ। এ প্রতিষ্ঠানের ৯৪ জন জিপিএ-৫ পেয়েছেন। নবম অবস্থানে থাকা সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১০ জন অংশ নিয়ে ২০৭ জন পাস করেছেন। পাসের হার ৯৮ দশমিক ৫৭। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।এবারের এইচএসসি পরীক্ষায় সৈয়দপুরের কোনো প্রতিষ্ঠানই শতভাগ উত্তীর্ণ হতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।