সেলফি তুলে পুরস্কার, সঙ্গেও সেলফি!

সেলফি তুলে হয়েছেন বিজয়ী। পুরস্কার হিসেবে পাওয়া ট্যাবলেট কম্পিউটারের সঙ্গে সেলফি না তুললে কী করে হয়। ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে আয়োজিত সেলফি প্রতিযোগিতার বিজয়ীরা তাই পুরস্কারের সঙ্গেও তুললেন নানা ভঙ্গিমায় সেলফি।
২০১৪ সালের ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে প্রথম আলো পাঠকদের জন্য আয়োজন করেছিল সেলফি প্রতিযোগিতার। প্রতিযোগিতার তিন বিজয়ী রাজশাহীর মো. তাইবুর রহমান, ঢাকার তাসভিয়া ফারহানা ও আনিকা তাসনুম। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গতকাল শনিবার পুরস্কার দেওয়া হয় বিজয়ীদের।
গত বছর বিশ্বের ৪০টি প্রধান সংবাদপত্র একসঙ্গে পালন করেছে ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান স্পার্কনিউজ-এর এই আয়োজনে গত বছর বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিল প্রথম আলো। বিশ্বজুড়ে এই দিবস পালনের অংশ পাঠকদের জন্য সেলফি প্রতিযোগিতার আয়োজন করে। মানুষের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে এমন সৃষ্টিশীল ও ইতিবাচক উদ্যোগের প্রতিবেদন সারা দুনিয়ার পাঠকের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হয় এই দিবস।
মূল আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে বাংলাদেশের পাঠকদের জন্যও প্রথম আলো ঘোষণা দিয়েছিল পৃথক সেলফি প্রতিযোগিতার। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবং টুইটারে এ প্রতিযোগিতায় সারা দেশের বহু পাঠক অংশ নেন।
পাঠকদের পাঠানো অসংখ্য ছবির মধ্য থেকে কয়েক ধাপ বাছাইয়ের পর নির্বাচন করা হয় সেরা তিন সেলফি। বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে পেয়েছেন একটি করে ট্যাবলেট।
পুরস্কার বিজয়ীরা তিনজনই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত। জানালেন, ইমপ্যাক্ট জার্নালিজম ডে নিয়ে যে এমন ব্যতিক্রম প্রতিযোগিতা হতে পারে তা ভাবনাতেও ছিল না। নিজেদের চেয়ে পরিবার, বন্ধুরা বেশি উচ্ছ্বসিত। অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়া, যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভিশন বিভাগের প্রধান অরূপ কুমার ঘোষ, জ্যেষ্ঠ সহসম্পাদক ইকবাল হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোশ্যাল মিডিয়া বিভাগের মডারেটর নুরুন্নবী চৌধুরী।