ব্লগারদের নিজেদের লেখার ওপরে সেলফ-সেন্সরশিপ (স্ব-আরোপিত নিয়ন্ত্রণ) করতে বলা বন্ধ করতে হবে। এর পরিবর্তে বাকস্বাধীনতা রক্ষায় বাংলাদেশের সরকারকে তার প্রতিশ্রুতি দ্ব্যর্থহীনভাবে পূরণ করতে হবে। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত মঙ্গলবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।
বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ওই বিবৃতি দেওয়া হয়েছে। সর্বশেষ নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে এতে বলা হয়, সবার নিরাপত্তা নিশ্চিত করা ও স্বাধীনভাবে কথা বলার পথ রুদ্ধ করে দেওয়ার চেষ্টা ঠেকাতে যে বাংলাদেশ সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার, এ ঘটনা তারই একটা তাগিদ সামনে এনেছে।
ইন্টারনেটে ‘নিলয় নীল’ নামে লেখালেখি করা নীলাদ্রি সম্প্রতি খুন হন। এ নিয়ে এ বছর চারজন ব্লগার উগ্রপন্থী গোষ্ঠীগুলোর হাতে নিহত হন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিলয় নীলকে হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বা আগের হত্যার ঘটনাগুলোর জন্য দায়ী ব্যক্তিদের ধরতে পুলিশের ব্যর্থতা মোকাবিলা করার পরিবর্তে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক উল্টো সতর্ক করে দিয়ে বলেছেন, আইন অনুসারে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা একটি অপরাধ। যদিও তিনি ঘটনাগুলো দ্রুততার সঙ্গে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, মুক্তচিন্তার মানুষ ও লেখকদের প্রতি তাঁর অনুরোধ, তাঁরা যেন সীমা অতিক্রম না করেন।
বিবৃতিতে এইচআরডব্লিউর এশিয়ার পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে হুমকির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দেওয়া সত্ত্বেও বাংলাদেশের কর্তৃপক্ষ কেবল ব্লগারদের রক্ষা করতেই ব্যর্থ হয়নি। বরং কর্তৃপক্ষ ব্লগারদের সেলফ-সেন্সরশিপ আরোপেরও পরামর্শ দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সরকারকে সংবিধান সমুন্নত করা ও জনগণের জীবন রক্ষার পাশাপাশি তাদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিতে তার দায়িত্ব মনে রাখতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ব্লগার হত্যার ঘটনাগুলো দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন, তেমনি তিনি এও বলেছেন যে যেসব ব্লগার ‘লোকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইচআরডব্লিউর বিবৃতিতে এ প্রসঙ্গটি উল্লেখ করে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার নিজেও বাকস্বাধীনতাকে লক্ষ্যবস্তু করেছে। সরকার সুশীল সমাজের কর্মী ও সাংবাদিকদের হুমকি দিয়েছে বা তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে।
বিবৃতিতে এর আগে সংঘটিত ব্লগার হত্যার ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে এসব হত্যাকাণ্ড অবিলম্বে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। ব্র্যাড অ্যাডামস বলেন, ধর্ম সম্পর্কে মত প্রকাশের কারণেই ব্লগারদের ওপর এসব হামলার ব্যাপারে শেখ হাসিনার সরকার মিশ্র বার্তা দিতে পারে না। হামলাকারীদের শান্ত করার চেষ্টা করার পরিবর্তে এখন তাঁর সরকারকে এই বার্তা দিতে হবে যে যারা সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা করবে, সহিংসতার উসকানি ও নির্দেশ দেবে বা সহিংস ঘটনা ঘটাবে, তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে।