সেলবরষ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন একজন ওয়ার্ডবয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসা কর্মকর্তা নেই। কয়েক মাস ধরে একজন ওয়ার্ডবয় এ কেন্দ্রটিতে চিকিৎসাসেবা চালিয়ে আসছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা, একজন কম্পাউন্ডার ও একজন এমএলএসএস থাকার কথা থাকলেও দীর্ঘদিন ধরে এ পদগুলো শূন্য রয়েছে। গত বছরের ১ জুলাই চিকিৎসা কর্মকর্তা রওশন জাহান এ কেন্দ্রে যোগ দেন। তিনি মাঝেমধ্যে সেখানে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে এলেও চলতি বছরের ৩১ মার্চ তিনি অন্যত্র বদলি হন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ কেন্দ্রটির দায়িত্ব পালনের জন্য ওয়ার্ডবয় মো. আমিরুল ইসলামকে গত বছরের ২৭ ডিসেম্বর এখানে বদলি করা হয়। তিনি প্রায় ছয় মাস ধরে একাই লোকজনকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সরেজমিনে এ উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, বারান্দায় ১৫-২০ জন রোগী চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে কয়েকজন এ প্রতিবেদকের পরিচয় পেয়ে বলেন, ‘ম্যালা দিন ধইর‌্যা এইহানে বড় ডাক্তার নাই। গরিবের লাইগ্যা কারও ভাবনা নাই। আপনি এইডার একটা বিহিত করইন।’বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ বলেন, এ উপস্বাস্থ্যকেন্দ্রটির বর্তমান অবস্থা খুবই হতাশাজনক। প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানকার দরিদ্র লোকজনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। তাই এ কেন্দ্রটিতে প্রয়োজনীয় লোকবল দেওয়ার ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী আমজাদ বলেন, ‘এ উপস্বাস্থ্যকেন্দ্রটির চারটি পদের বিপরীতে একজনও নেই, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি আগামী উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপন করব।’ওয়ার্ডবয় মো. আমিরুল ইসলাম বলেন, ‘এখানে প্রতিদিন গড়ে ৬০-৭০ জন রোগী চিকিৎসাসেবা নিয়ে থাকে। লোকবল না থাকায় আমি দীর্ঘ নয় মাস ধরে কোনোরকমে একাই কেন্দ্রটির যাবতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার বলেন, লোকবলের সংকটের কারণে চিকিৎসাসেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী বলেন, প্রয়োজনীয় লোকবল না থাকায় রোগীদের চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক সপ্তাহে দুই থেকে তিন দিন সেখানে গিয়ে যাতে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারেন, এ নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।