সেলাই কারখানার শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের খলিফা ঘাটের একটি সেলাই কারখানার ভেতর থেকে গতকাল বুধবার সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় মো. রাসেল (২২) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই কারখানার শ্রমিক ছিলেন।
কামরাঙ্গীরচর থানার পুলিশ জানায়, রাসেল খলিফা ঘাটের একটি সেলাই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং ভেতরে থাকতেন। গতকাল দুপুরে স্বজনেরা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলতে পারেননি। পরে তাঁর এক আত্মীয় কারখানার জানালার ফাঁক দিয়ে রাসেলকে ঝুলতে দেখেন। এ সময় কামরাঙ্গীরচর থানায় জানানো হলে পুলিশ দরজা ভেঙে রাসেলকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির প্রথম আলোকে বলেন, কক্ষের ভেতর থেকে সিটকিনি লাগিয়ে রাসেল আত্মহত্যা করেছেন। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়।
দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কে মিনিবাসের ধাক্কায় সিরাজুল হক (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, রাত আটটার দিকে বৃদ্ধ সিরাজুল শহীদ ফারুক সড়ক পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মিনিবাস তাঁকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১০টায় তাঁর মৃত্যু হয়।