পাটজাত পণ্য তৈরির সেলাইয়ে প্রশিক্ষণার্থী ৪০ জন। কিন্তু সেলাই মেশিন মাত্র সাতটি। ছোট একটি কক্ষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেখানে বসা যায় সর্বোচ্চ ১৫ জন। প্রশিক্ষণ শুরুর ১৮ দিন পর কেনা হয়েছে প্রশিক্ষণে ব্যবহার্য পাটজাত পণ্য। প্রশিক্ষণ সরঞ্জামাদির সংকট ও বসার স্থান না থাকায় অনেক প্রশিক্ষণার্থী বাইরে গল্পগুজব করেন।
এই চিত্র রংপুরের বদরগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে গরিব নারীদের পাটজাত পণ্য তৈরির সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের। উপজেলা গভর্নেন্স প্রজেক্টের (ইউজেডজিপি) অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাসব্যাপী ওই প্রশিক্ষণে বরাদ্দ আড়াই লাখ টাকা। অভিযোগ উঠেছে, প্রকল্পের টাকায় দেওয়া পাটজাত পণ্য হিসেবে ৩০ ধরনের ব্যাগ তৈরির ওই প্রশিক্ষণ নারীদের তেমন কোনো কাজে আসছে না।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর থেকে ওই প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। তবে শুরু হয়েছে ৫ নভেম্বর থেকে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সেলাই যন্ত্র চালাতে পারেন এমন ৪০ জন গরিব নারীকে পাটজাত পণ্য হিসেবে ৩০ ধরনের ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রত্যেকে প্রতিদিন ভাতা হিসেবে ১০০ টাকা করে পাবেন। এ ছাড়া ৩০ ধরনের ব্যাগ তৈরির জন্য পাটের তৈরি কাপড় সরবরাহ করা হচ্ছে। এই কাপড় প্রশিক্ষণকাজে ব্যবহৃত হচ্ছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী অন্তত ১০ জন নারী অভিযোগ করেন, কার্যক্রম শুরু হওয়ার ১৮ দিন পর কর্তৃপক্ষ প্রশিক্ষণকাজের জন্য পাটের তৈরি কাপড় সরবরাহ করে। এ কারণে ১৮ দিন কার্যত তাঁরা বসে কাটিয়েছেন। ৪০ জন নারীর জন্য সেলাই মেশিন মাত্র সাতটি। যে ঘরে প্রশিক্ষণ চলছে, সেখানে একসঙ্গে বসা যায় সর্বোচ্চ ১৫ জন। এ কারণে অনেক প্রশিক্ষণার্থী বাইরে ঘুরে বেড়ান। এ ছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের অধিকাংশই সেলাই যন্ত্র চালাতে পারেন না।
গত মঙ্গলবার বেলা দুইটায় উপজেলা পরিষদ মাঠে গিয়ে দেখা যায়, উপজেলার মধুপুর কাজীপাড়া গ্রামের মোহসিনা বেগম (১৪), প্রতিবন্ধী বিলকিছ খাতুন (১৮), ধর্মপুরের মোছা. তছলিমা (৩৫), দোলাপাড়ার রেজিনা আক্তার (২০), জামুবাড়ির বুলবুলি বেগম (৩৫) ও ওসমানপুরের শিপনসহ (২২) ১৬ জন নারী উপজেলা পরিষদ মাঠে বসে গল্পে মেতে উঠেছেন। তাঁরা বলেন, প্রশিক্ষণ কক্ষে জায়গা না থাকায় মাঠে বসে গল্প করছেন।
প্রতিবন্ধী প্রশিক্ষণার্থী শিপন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের যদি কর্তৃপক্ষ প্রশিক্ষণের জন্য বসার জায়গা এবং সেলাই মেশিন দিতে না-ই পারবে, তাহলে এখানে নিয়ে এসেছে কেন?’ বুলবুলি বেগম অভিযোগ করেন, ‘আমি এক দিনও সেলাই মেশিন হাতে পাইনি।’
এ ব্যাপারে প্রশিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘আমাকে এক মাসের জন্য ট্রেইনার হিসেবে আনা হয়েছে। প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। মেশিন ও কক্ষ-সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে।’
প্রকল্প কমিটির সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার বলেন, ‘প্রশিক্ষণে কোনো অনিয়ম হচ্ছে না। প্রশিক্ষণার্থী অনুযায়ী সেলাই মেশিন ও কক্ষে বসার জায়গা না থাকলে আমার করার কিছু নেই। প্রশাসনিক জটিলতার কারণে ব্যাংক থেকে বরাদ্দের টাকা উত্তোলন করতে দেরি হওয়ায় কাপড় কিনতেও দেরি হয়েছে।’
প্রকল্পের সদস্যসচিব ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার ছুটিতে রয়েছেন। বর্তমানে সদস্যসচিব হিসেবে রয়েছেন তারাগঞ্জর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ। তিনি বলেন, ‘আমি গতকাল (বৃহস্পতিবার) দায়িত্ব নিয়েছি। এসব বিষয়ে বিস্তারিত জানি না।’