সেলাই মেশিনের চাকায় স্বপ্ন ঘোরে

স্কুল থেকে ফিরে শাপলা খাতুন দেখেন বাড়িতে বিয়ের আয়োজন। পঞ্চম শ্রেণিপড়ুয়া শাপলাকে ওই বয়সেই শ্বশুরবাড়ি যেতে হয়। তবে স্বামী প্রায়ই নিরুদ্দেশ থাকতেন। মাঝেমধ্যে ফিরলেও চলত নির্যাতন। সংসার টেকেনি। এক ছেলেকে নিয়ে বেঁচে থাকার অবলম্বন হয় সেলাই মেশিন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একসময় বাল্যবিবাহের প্রবণতা বেশি ছিল। ধামাইনগর, সোনাখাড়া ও তাড়াশের কিছু অংশে এর পরিমাণ বেশি। শাপলা খাতুনও সোনাখাড়া ইউনিয়নের ভূঁইয়ট গ্রামের নারী। এখন তাঁর বয়স ২৫ বছর। মাদ্রাসাপড়ুয়া এক ছেলেকে নিয়ে নিজেই সংসার চালাচ্ছেন। শাপলা বলেন, ‘একটু ভালো থাকার জন্য মা-বাবা বিয়ে দেন। কিন্তু টেকে নাই। স্বামী এখন খোঁজও নেয় না।’ তবে থেমে থাকেননি। জমানো টাকা আর মা-বোনের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটি সেলাই মেশিন কিনেছেন। অভাব থাকলেও বললেন, খেয়েপরে ভালোই আছেন। মেরামত করেছেন থাকার ঘরটি।
শাপলাদের মতো স্বামীর খোঁজ না নেওয়া, বিধবা বা তালাকপ্রাপ্ত নারীরা কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখা এ প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে। দীপশিখার হিসেবে, ২০০৫ সাল থেকে এসব দরিদ্র নারীর সেলাই প্রশিক্ষণ কাজ শুরু হয়। এ পর্যন্ত ২৪টি ব্যাচে চার শতাধিক নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংগঠনটি বলছে, প্রশিক্ষণ সম্পন্ন করে ঢাকার বিভিন্ন পোশাক কারখানায় ৫০ জন কাজ করছেন।
দীপশিখার এ কার্যক্রমের প্রশিক্ষক মহেন্দ্র রায় বলেন, ‘ছয় মাস মেয়াদি প্রশিক্ষণে ২৫-৩০ ধরনের কাজ শেখানো হয়।’ দীপশিখার নিমগাছি এলাকা ব্যবস্থাপক এরশাদ আলী বলেন, শুধু সেলাই নয়, হস্তশিল্পের নানা প্রশিক্ষণ নিয়ে এসব নারী এখন জীবনের নতুন স্বপ্ন দেখছেন। তাঁদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার জন্য বলেন।
সোনাখাড়া ইউনিয়নের মৌহার গ্রামের বিলকিস খাতুনের (৩০) গল্পটাও একই। পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ে তার বিয়ে হয় তাড়াশ উপজেলার জন্তিহার গ্রামের আদম আলীর (২৫) সঙ্গে। বিয়ের অল্প দিনের মধ্যেই কপাল পোড়ে। স্বামীর নির্যাতনে এক ছেলেকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। সেলাই প্রশিক্ষণ নিয়ে তিনিও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। এলাকার স্কুলের ইউনিফর্ম, মেয়েদের কাপড়ের ফরমাশই এসব নারীরা পান।
সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘বাল্যবিবাহের শিকার এসব নারী নতুনভাবে জীবন শুরু করেছেন, বিষয়টি ভালো। আর যেন কেউ বাল্যবিবাহের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখা হবে।’ রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, সামাজিক নানা বাধা পেরিয়ে প্রান্তিক নারীরা এগিয়ে যাচ্ছেন, এটা আশার কথা। এ জন্য সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।