সেলামিতে ঢাকা পড়েছে জয়ী ইউপি সদস্যের শরীর
নির্বাচনে জয়ী হওয়ার পর বাড়ি বাড়ি ভোটারদের সঙ্গে দেখা করছেন ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেন। আর ভোটাররাও তাঁকে বরণ করছেন সেলামি দিয়ে। শরীরের পোশাকে গেঁথে দিচ্ছেন ৫০-১০০ টাকার নোট। গোটা শরীরই যেন ঢাকা পড়তে চলেছে ভোটারদের দেওয়া সেলামিতে।
গ্রামবাসী সূত্র জানায়, তাঁদের গ্রামে আনুমানিক ৩২ বছর পর কেউ ইউপি সদস্য পদে নির্বাচিত হলেন। প্রার্থী আনোয়ার হোসেন তাঁদের গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। তাই তাঁরা খুশি হয়ে এই সেলামি দিচ্ছেন।
আনোয়ার হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের শহর আলী মালিতার ছেলে। তিনি ২২ মার্চ অনুষ্ঠিত কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ওয়ার্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও পাঁচজন। তিনি তালা প্রতীক নিয়ে ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুল আজিজ ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৬ ভোট।
আনোয়ার হোসেন জানান, তিনি নির্বাচিত হওয়ার পর ২৩, ২৪ ও ২৫ মার্চ গোটা নির্বাচনী এলাকা ঘুরেছেন। প্রথম দিন থেকেই এলাকার সাধারণ ভোটাররা তাঁকে সেলামি দিতে শুরু করে। খুচরা টাকা পকেটে দিতে দিতে একপর্যায়ে শরীরে গেঁথে দিতে থাকেন। তিনি জানান, ভোটাররা খুশি হয়ে তাঁকে সেলামির পাশাপাশি নানাভাবে আপ্যায়নও করেন।