সেলিনা বাহার জামানের কাছে বেশি সত্য ছিল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেলিনা বাহার জামান পুরুষ-নারীর বিভাজন ভেঙে দিয়েছেন। মেয়েরা পৃথিবীর উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না, এ ধারণাটিকে সমূলে উৎপাটন করেছেন সেলিনা আপা। তাঁর কাছে নারী-পুরুষের চাইতে বেশি সত্য ছিল—আমরা মানুষ।’
রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে গতকাল শনিবার সেলিনা বাহার জামান নবম স্মারক বক্তৃতায় ভারতের পশ্চিমবঙ্গের চিন্তাবিদ ও লেখিকা মীরাতুন নাহার এভাবেই সেলিনা বাহার জামানের স্মৃতিচারণা করেন।
‘সেলিনা: বহতা নদীর মতো বাহার-দুহিতা’ শীর্ষক এ স্মারক বক্তৃতার আয়োজন করে বাংলা একাডেমি এবং সেলিনা বাহার জামান স্মৃতি পরিষদ।
স্মারক বক্তৃতার শুরুতেই মীরাতুন নাহার বলেন, ‘ইতিহাসের কারসাজিতে আমি বাংলার মেয়ে হয়েও, বাংলায় এসে নিজেকে বিদেশি ভাবতে হচ্ছে।’ তিনি বলেন, ‘সেলিনা বাহার জামান পারিবারিক ঐতিহ্য, মানুষ, বাঙালিকে ধারণ করেছেন সব সময়। সেলিনা আপার কাছে আমার ঋণ, আমার জীবন গড়নে। নারী জীবন থেকে মানবজীবনে উত্তরণে।’
মীরাতুন নাহার বলেন, ‘যে মানুষটাকে সত্যি চেনার প্রয়োজন রয়েছে, অথচ আমরা তেমন করে তাঁর কর্ম, ভাবনা, ভালোবাসা, উত্তরণে ততটা মনোযোগ দিচ্ছি না। তাঁর সারা জীবনের লড়াই ছিল মানুষ হওয়ার লড়াই। গণিতের অধ্যাপক হয়েও তিনি নৃত্য, আবৃত্তিতে পারদর্শী ছিলেন।’
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘সেলিনা জামানের লেখালেখিতে ছিল অসাধারণ বৈচিত্র্য। শিশুদের নিয়ে যেমন লিখেছেন, সংখ্যার মতো জটিল বিষয় নিয়েও লিখেছেন। আমরা যারা তাঁর সান্নিধ্যে এসেছি, তাঁর নানা গুণ প্রত্যক্ষ করেছি। আজকের স্মারক বক্তৃতা ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত।’
অধ্যাপক মোবাশ্বেরা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক সামসুজ্জামান খান, স্মৃতি পরিষদের পক্ষে অধ্যাপক কাজী মদিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিনা বাহার জামানের স্বামী বদিউজ্জামান এবং ছেলে রিয়াজ জামান, নারীনেত্রী মালেকা বেগম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।