মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় হাজি সেলিমকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।দ্বিতীয় মেয়াদের চার দিনের রিমান্ড শেষে হাজি সেলিমকে গতকাল সোমবার নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।বিচারক নিতাই চন্দ্র সাহা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন দাবি করেছেন, লোকমান হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, খুনের সঙ্গে সরাসরি ও পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের অধিকাংশকে চিহ্নিত করতে পুলিশ সক্ষম হয়েছে। গতকাল আবার রিমান্ডে নেওয়া সেলিম মামলার এজাহারভুক্ত আসামি মোবারক হোসেনের ভাইয়ের মেয়ের জামাই। তাঁর কাছ থেকে লোকমানকে হত্যার কিছুদিন আগে মোবারক হোসেন একটি মোটর-সাইকেল এনেছিলেন। খুনিরা ওই মোটরসাইকেল ব্যবহার করে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এই মোটরসাইকেলের সূত্র ধরেই টঙ্গী থেকে সেলিমকে ধরা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে হত্যায় জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১ নভেম্বর রাতে সন্ত্রাসীদের গুলিতে নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন (৪২) নিহত হন।এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের মধ্যে দুজন ছাড়া বাকি সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।