জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রলীগের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গতকাল শনিবার অমর একুশের পাদদেশে সংহতি সমাবেশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে। দুপুরে এ সংহতি সমাবেশে ছাত্রজোটের সমন্বয়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে সংহতি প্রকাশ করেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এনামুল হক খান, অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, সাংস্কৃতিক জোটের সভাপতি মাহী মাহফুজ প্রমুখ। সংহতি সমাবেশে বক্তারা গত বুধবার ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার সময় সেলিম আল দীন মুক্তমঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন।