সেলিম আল দীন স্মরণ উত্সব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যাচার্য সেলিম আল দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল বৃহস্পতিবার। রবীন্দ্র-পরবর্তী বাংলা নাটকের অন্যতম সেরা নাট্যকার সেলিম আল দীন বাংলার নিজস্ব নাট্যরীতিকে প্রতিষ্ঠা দিতে আমৃত্যু কাজ করেছেন। ঔপনিবেশিক ধ্যান-ধারণার বিপরীতে তিনি নির্মাণ করেছেন আবহমান বাংলার লোকনাট্যের আঙ্গিকে নিজস্ব নাট্যশৈলী। মৌলিক নাটক রচনার পাশাপাশি দেশব্যাপী নাট্য সংগঠন গড়ে তোলা, নাট্যবিষয়ক শিক্ষাদান ও গবেষণায় তিনি ব্যাপৃত থেকেছেন।বাংলা নাটকের শিকড়সন্ধানী এই নাট্যকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা থিয়েটারের আয়োজনে শুরু হয়েছে দুই দিনের কর্মসূচি। সেলিম আল দীন স্মরণ উত্সব নামের এ কর্মসূচিতে গতকাল দলের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। আজ শুক্রবার রয়েছে স্মারক বক্তৃতা। সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ‘উচ্ছেদের শোক, বিচ্ছেদের কষ্ট ও সংস্কৃতির কাজ’ শীর্ষক স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ধাবমান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার অধ্যাপক সেলিম আল দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকালে ছিল সেমিনার। বেলা সাড়ে ১১টায় থিয়েটার ল্যাব-৪-এ অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ড. লুত্ফর রহমান ‘হাবিব তানভীর ও সেলিম আল দীন’ এবং ড. সাজেদুর রহমান ‘নির্দেশক সেলিম আল দীন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও অধ্যাপক আফসার আহমেদ।এর আগে সকাল সাড়ে নয়টায় পুরোনো কলাভবনে ‘আচার্য সেলিম আল দীন সেমিনার লাইব্রেরি’র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। এরপর পুরোনো কলাভবনের সামনে থেকে শোকযাত্রা বের হয়। শোকযাত্রার উদ্বোধন করেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম। শোকযাত্রাটি সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, ঢাকা থিয়েটার, নাট্য স্নাতক মঞ্চ, জাহাঙ্গীরনগর থিয়েটার, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল, নাট্যচক্র, বাংলাদেশ গ্রাম থিয়েটার, শহীদ টিটো থিয়েটার, এনটিভি, কলমা থিয়েটার, বুনন থিয়েটার ও সেলিম আল দীন পাঠশালা। বেলা ১১টায় প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের গ্যালারিতে বিভিন্ন সময়ে তোলা সেলিম আল দীনের আলোকচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়।বেলা সাড়ে তিনটায় পুরোনো কলাভবন চত্বরে মৃত্মঞ্চে সেলিম আল দীনের নাটক ও নাটকের গান পরিবেশন করেন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিকেল পাঁচটায় মানিকগঞ্জের সিঙ্গাইরের চানু বয়াতীর দল পরিবেশন করে গাজীর গান। সন্ধ্যা সাতটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা প্রাচ্য নাটকটি মঞ্চস্থ করেন।ফেনীর নিজস্ব প্রতিবেদক জানান, নাট্যাচার্য সেলিম আল দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ফেনীর শিল্পকলা একাডেমীতে স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সভায় ফেনী জেলা শিল্পকলা একাডেমীর নাম এবং জেলা শহরের একটি সড়কের নাম সেলিম আল দীনের নামে নামকরণের দাবি জানানো হয়।স্মরণসভা শেষে শিল্পী মুনমুনের পরিবেশনায় সেলিম আল দীন রচিত একটি সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যায় ফেনীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার প্রদানবাংলা একাডেমী পরিচালিত সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০০৯-এ ভূষিত হয়েছেন কবি সানাউল হক খান। কবিতায় সামগ্রিক অবদানের জন্য তাঁকে গতকাল বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা করেন সা’দত আলি আখন্দের মেয়ে তাহমিনা হোসেন। কবি সানাউল খানের হাতে ২৫ হাজার টাকা মূল্যমানের সম্মাননা চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী।সভাপতির বক্তেব্য অধ্যাপক কবীর চৌধুরী বলেন, কবি সানাউল হক খানের কবিতায় স্বাতন্ত্র্য লক্ষণীয়। বিভিন্ন ধারায় প্রবাহিত তাঁর কবিতার রয়েছে নিজস্ব ভাষা। স্বাগত ভাষণে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সা’দত আলি আখন্দকে মুক্তচিন্তার বলিষ্ঠ লেখক হিসেবে মন্তব্য করেন। পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে কবি সানাউল হক খান বলেন, ‘পুরস্কার পাওয়ার ফলে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। সারা জীবন আমি দুই হাতে কবিতা লিখতে চাই।’নাজিয়া আন্দালীবের ‘অপলক নারী’শিল্পী নাজিয়া আন্দালীবের একক শিল্পকর্মের প্রদর্শনী শুরু হচ্ছে আজ শুক্রবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে।সন্ধ্যায় ‘অপলক নারী’ শিরোনামের ১২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত ইনগেবিয়র্গ স্টফরিং। বিশেষ অতিথি থাকবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও বরেণ্য শিল্পী মুর্তজা বশীর। সম্মানিত অতিথি থাকবেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাহবুবুর রহমান।গতকাল দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে শিল্পী ছাড়াও ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জীশান কিংশুক হক এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে শিল্পী জানান, এটি তাঁর ১১তম একক প্রদর্শনী। শিল্পকর্মের সংখ্যা ৪৮। প্রদর্শনী ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।সরোদবাদনআজ সন্ধ্যায় নবপ্রতিষ্ঠিত ধানমন্ডি ৭/এ সড়কের ঢাকা আর্ট সেন্টারে সরোদ বাদন করবেন মার্কিন শিল্পী ড. ডেভিড ট্রাসফ। বিখ্যাত সরোদবাদক প্রয়াত উস্তাদ আলী আকবর খানের কাছে সরোদশিক্ষা নিয়েছেন এই মার্কিন শিল্পী। অনুষ্ঠানটি তিনি উত্সর্গ করবেন তাঁর প্রয়াত গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।রঙের প্রদর্শনীফ্যাশন হাউস রঙের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করছে। আজ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘রংধনু’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক।গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় ফ্যাশন হাউস রঙ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, প্রদর্শনীর মূল বিষয়বস্তু হলো প্রকৃতি ও মানুষের জীবনযাপনে রঙের প্রভাব। প্রদর্শনী চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।