সেলিম আল দীনের নামে বিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নাট্যকার সেলিম আল দীন এবং তাঁর মা ফিরোজা খাতুনের যৌথ নামে তাঁদের নিজ গ্রাম সেনেরখিলে একটি বিদ্যালয় স্থাপন করা হয়েছে।
আজ শনিবার ‘ড. সেলিম আল দীন মা ফিরোজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামের বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিম আল দীনের ভাই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বোরহান উদ্দিন। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, চর দরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন জানান, সরকারের বিদ্যালয়বিহীন গ্রাম প্রকল্পের অধীনে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। সেলিম আল দীনের দুই ভাই বোরহান উদ্দিন ও আবদুল গণি বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমি দান করেছেন। ৫৬ লাখ টাকা ব্যয়ে এ বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু করা হবে।