সেলিম আল দীনের নামে বিদ্যালয় প্রতিষ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত নাট্যকার সেলিম আল দীন ও তাঁর মা ফিরোজা বেগমের নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল শনিবার থেকে এই বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে।
সেলিম আল দীনের জন্ম ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে। এ গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল না।
সোনাগাজী উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন জানান, সরকারের বিদ্যালয়বিহীন গ্রাম প্রকল্পের অধীন ‘ড. সেলিম আল দীন মা ফিরোজা বেগম’ নামে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমি দান করেছেন সেলিম আল দীনের দুই ভাই বোরহান উদ্দিন ও আবদুল গণি।
শিক্ষার্থী ভর্তি কার্যক্রম উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সেলিম আল দীনের ভাই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বোরহান উদ্দিন। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন ও চর দরবেশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, ৫৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।