সেলিম উদ্দিনের জবাব দেওয়ার শেষ সুযোগ ২৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার বিষয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে লিখিত জবাব দিতে ২৯ মে শেষ সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন।গতকাল আদালত অবমাননার বিষয়ে সেলিম উদ্দিনের লিখিত জবাব দেওয়ার ধার্য দিনে তাঁর এক আইনজীবী তারিকুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, সেলিম উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী তাজুল ইসলাম ব্যক্তিগত কারণে আসতে পারেননি। তাঁর মাধ্যমে লিখিত জবাব দেওয়া হবে, এ জন্য সময় প্রয়োজন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে, এবার শেষ সুযোগ দেওয়া হচ্ছে।’ পরে ট্রাইব্যুনাল ২৯ মে লিখিত জবাব দেওয়ার শেষ দিন ধার্য করেন।এর আগে সেলিম উদ্দিন আদালত অবমাননার বিষয়ে রুলের জবাব দাখিল করেছিলেন। তাঁর ওই লিখিত ব্যাখ্যায় ট্রাইব্যুনাল সন্তুষ্ট হতে পারেননি। পরে গত ২১ এপ্রিল ট্রাইব্যুনাল সেলিম উদ্দিনসহ জামায়াতের তিন নেতাকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করে কার্যক্রম শুরু করেন। জামায়াতের অপর দুই নেতা হলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ। ট্রাইব্যুনালে পুলিশের দাখিল করা প্রতিবেদন অনুসারে এই দুজন পলাতক।পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং এক বিবৃতিতে রফিকুল ইসলাম খানের বক্তব্যকে আদালতের জন্য চরম অবমাননাজনক বলে মনে করেন ট্রাইব্যুনাল।