সেলিম ও আবদুল্লাহর মামলা নাজমুল হুদার সাজা বাতিল
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহর বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিল চেয়ে তাঁদের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।এদিকে দুর্নীতি মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার সাজার রায় বাতিল ঘোষণা করেছেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে হুদার আপিল মঞ্জুর করে আদালত এ রায় দেন।আদালতে শেখ সেলিমের পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও শেখ আবদুল্লাহর পক্ষে আইনজীবী শ ম রেজাউল করিম মামলা পরিচালনা করেন। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। অন্যদিকে নাজমুল হুদা নিজেই মামলা পরিচালনা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক।জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০০১ সালের ২০ জুন মাদারীপুর সদর থানায় যুবদলের নেতা খন্দকার মাসুদুর রহমান একটি মামলা করেন। ওই বছরের ৩ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু ১০ অক্টোবর মামলাটি আকস্মিকভাবে পুনরুজ্জীবিত করা হয়। ২০০২ সালের ২৮ নভেম্বর শেখ সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিল ও মামলা পুনরুজ্জীবিত করার বিষয়টি বাতিল চেয়ে শেখ সেলিম ২০০৩ সালের ১৭ মার্চ হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন ও মামলাটির কার্যক্রম স্থগিত করেন। এর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।এর আগে ২০০৭ সালের ১১ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক হুদা দম্পতির বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে। ২০০৮ সালের ৩ এপ্রিল বিচারিক আদালতের রায়ে নাজমুল হুদাকে ১২ বছর এবং সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে এর আগে সিগমা হুদা সাজার দায় থেকে অব্যাহতি পান। নাজমুল হুদা হাইকোর্টে আপিল করেন। আপিলের শুনানি শেষে গতকাল হাইকোর্ট রায় দেন।এ ছাড়া অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে শেখ মো. আবদুল্লাহর বিরুদ্ধে ২০০৮ সালের ৬ জানুয়ারি দুদক রমনা থানায় মামলা করে।