সেলিম ওসমান লাঙ্গল আকরাম আনারস প্রতীক পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে থাকা চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে ১৫ জুন।
গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান দলীয় প্রতীক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ও এ আসনের সাবেক সাংসদ এস এম আকরাম আনারস, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার দলীয় প্রতীক গামছা এবং অপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ পেয়েছেন চিংড়ি মাছ প্রতীক। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা এস এম আকরাম ও সেলিম ওসমানের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এস এম আকরাম ও সেলিম ওসমান দুজনেই নির্বাচিত হলে শান্তির নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতীক পাওয়ার পর সেলিম ওসমান বলেন, ‘গত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জে অশান্তি বিরাজ করছে। জনগণ মনে করছে এ অবস্থা থেকে উত্তরণে আমাকে প্রয়োজন।’
প্রতীক পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম বলেন, ‘অবাধ নির্বাচন হলে জনগণ আমাকেই রায় দেবে। কারণ, জনগণের চাপেই নারায়ণগঞ্জ সন্ত্রাসমুক্ত করার লক্ষ্য নিয়েই নির্বাচনে নেমেছি। আতঙ্কের নগরীর ও দুর্নাম ঘুচিয়ে নারায়ণগঞ্জকে নিরাপদ শহর হিসেবে গড়তে চাই।’