সেলিম ওসমানকে সংসদ থেকে অপসারণ করার দাবি

নারায়ণগঞ্জে স্কুলশিক্ষককে কান ধরে ওঠবস করানোর ঘটনায় সাংসদ সেলিম ওসমানকে জাতীয় সংসদ থেকে অপসারণ করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মানববন্ধন করে তাঁরা এই দাবি জানান।
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে এই মানববন্ধন হয়। ফেডারেশনভুক্ত ৩৭টি বিশ্ববিদ্যালয়েও একই সময়ে এই মানববন্ধন হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।
শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশে যে অপরাজনীতি চলছে, তা বন্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সাংসদ সেলিম ওসমানকে গ্রেপ্তার করতে হবে। তাঁকে অপসারণ করতে হবে। তিনি সাংসদ হিসেবে নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁকে জাতীয় পার্টি থেকেও বহিষ্কারের দাবি জানান তিনি।
ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সাংসদ সেলিম ওসমানের উদ্দেশে বলেন, ‘আপনি প্রমাণ করেছেন সাংসদ হিসেবে থাকার অধিকার আপনার নেই। আপনি সরে দাঁড়ান, নইলে আমাদের শিক্ষকেরা জানেন আপনাকে কীভাবে সরাতে হবে। আমরা সুনির্দিষ্ট প্রস্তাব করছি, শিক্ষককে অপমান করার জন্য সংসদের অধিবেশনে তাঁর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করা হোক এবং তাঁকে অপসারণ করা হোক।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, সাংসদ আইন প্রণয়ন করেন, জাতিকে নির্দেশনা দেন। কিন্তু যে সাংসদ মানুষ গড়ার কারিগর শিক্ষককে লাঞ্ছিত করলেন, এ রকম সাংসদ দেশের কি সত্যি প্রয়োজন?
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নাজমা শাহীন, শফিক উজ জামান, মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান, আখতার সুলতানা, শফিউল আলম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া, একই দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা আলাদা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন।