সেলিম ওসমানের পক্ষে মাঠে দুই সরকারি কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের দুজন সরকারি কর্মকর্তা উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে৷ এঁরা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিদর্শক মহিউদ্দিন ওরফে অটল এবং সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কামাল হোসেন৷
উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ করেন৷ আকরামের সমর্থনে গঠিত নাগরিক পরিষদ গত শনিবার সংবাদ সম্মেলনেও একই অভিযোগ করে।
এর মধ্য দিয়ে ওই দুই কর্মকর্তা সরকারি চাকরিবিধি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে৷
২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷
রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে বলা হয়, সিআইডির পরিদর্শক মহিউদ্দিন তাঁর কর্মস্থল থেকে ছুটি নিয়ে বন্দরে লক্ষ্মণখোলায় তাঁর বািড়তে কয়েক দিন যাবৎ অবস্থান করছেন। মহিউদ্দিনের বািড় ২৫ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে মহিউদ্দিনকে সব সময় অবস্থান করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ছাড়া নির্বাচনে সেলিম ওসমানকে ভোট না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে ভোটারদের নানাভাবে হুমকি দিচ্ছেন তিনি। মহিউদ্দিন সেলিম ওসমানের ভাই সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত৷ এ ছাড়া ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভূমি অফিসের কর্মকর্তা কামাল হোসেনও প্রকাশ্যে সেলিম ওসমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
প্রথম আলোর অনুসন্ধানে মহিউদ্দিনের বিরুদ্ধে সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের সত্যতা মিলেছে৷ লক্ষ্মণখোলায় সেলিম ওসমানের ক্যাম্পে বসে মহিউদ্দিন দিকনির্দেশনা দিচ্ছেন—মুঠোফোনে ধারণ করা এমন ভিডিওচিত্র প্রথম আলোর কাছে আছে৷ তবে এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোর পরিচয় দেওয়ার পরে মহিউদ্দিন সংযোগ বিচ্ছিন্ন করে দেন৷ আর কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কামাল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন৷
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিকুজ্জামান বলেন, এসব অভিযোগের তদন্ত করা হবে।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, সরকারি কোনো কর্মকর্তার কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
আকরামের মঞ্চ ভাঙচুর: নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের জনসভাস্থল থেকে মাইক খুলে নেওয়া ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ গতকাল বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ইসলামিয়া শপিং কমপ্লেক্সের সামনে স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এস এম আকরামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ কিন্তু সকালের দিকে কিছু লোক এসে মাইক খুলে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে৷ পরে অবশ্য মদনপুর চৌরাস্তায় জনসভাস্থল সরিয়ে নেওয়া হয়। সেখানে বিকেলে ভোট চেয়ে বক্তব্য দেন এস এম আকরাম। সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী, বিজিবি ও র৵াব মোতায়েনের দাবি জানান তিনি। এ ছাড়া তিনি শহর ও বন্দরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন৷
এস এম আকরাম শহরে তাঁর বাসভবনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মঞ্চ ভাঙচুর ও মাইক সরিয়ে ফেলার ঘটনা বেলা ১১টায় তিনি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন। তবে থানা কোনো ব্যবস্থা নেয়নি। অবশ্য ওসি আক্তার মোর্শেদ দাবি করেন, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে৷
এ বিষয়ে সেলিম ওসমান বলেন, ‘মঞ্চ ভাঙচুরের খবর আমার জানা নেই৷ যে ব্যক্তি একটি মঞ্চ রক্ষা করতে পারেন না, তিনি কীভাবে সংসদ নির্বাচন করবেন৷’
সেলিম ওসমানের গণসংযোগ: সেলিম ওসমান শনিবার দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত উত্তর চাষাঢ়ার নিজ বাসভবনে অবস্থান করেন৷ বিকেলে সদর উপজেলার গোগনগর ইউনিয়নে গণসংযোগ করেন তিনি৷