সেলিম ওসমানের পক্ষে মাঠে নেই পারভীন ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম ওসমান ও পারভীন ওসমান
সেলিম ওসমান ও পারভীন ওসমান

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাংসদ সেলিম ওসমানের পক্ষে মাঠে দেখা যাচ্ছে না প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানকে। সেলিম ওসমানের ভাবি পারভীন ওসমান এই আসন থেকে দলীয় মনোনয়ন চেয়ে সভা-সমাবেশও করেছিলেন। দেবর-ভাবির মনোনয়ন লড়াইয়ে ওসমান পরিবারের গৃহবিবাদের বিষয়টি প্রকাশ্যে আসে।

নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় নারী সমাবেশে সেলিম ওসমান ও শামীম ওসমানের স্ত্রী উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি পারভীন ওসমানকে। সেলিম ওসমান ও শামীম ওসমানের স্ত্রী প্রতিদিন বিভিন্ন জায়গায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেও পারভীন ওসমানকে কারও পক্ষে নামতে দেখা যায়নি।

১ ডিসেম্বর নগরের চাষাঢ়ার বাড়িতে সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমানের উদ্যোগে নারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য দেন সেলিম ওসমান। অনুষ্ঠানে নাসরিন ওসমান ছাড়াও শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানসহ আওয়ামী লীগ ও বিভিন্ন নারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে দেখা যায়নি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানকে। ওই অনুষ্ঠান ছাড়াও সেলিম ওসমানের নির্বাচনের মাঠে তাঁর পক্ষে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি পারভীন ওসমানকে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে নাসরিন ওসমান, সালমা ওসমানসহ দলের নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

গত ১৪ ডিসেম্বরবন্দর উপজেলার সমরক্ষেত্র মাঠে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী কর্মিসভা করেন সেলিম ওসমান। ওই সভায় তাঁর ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন। সেখানেও দেখা যায়নি পারভীন ওসমানকে। তাই দলের নেতা-কর্মীরা মনে করছেন, মনোনয়ন নিয়ে ওসমান পরিবারের গৃহবিবাদ মেটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা বলেন, এই আসনে দীর্ঘদিন নাসিম ওসমান সাংসদ ছিলেন। দলের নেতা-কর্মীরা তাঁকে পছন্দ করতেন। তাই সেলিম ওসমানের পক্ষে পারভীন ওসমান মাঠে না থাকলে ভোটের ফলাফলে প্রভাব পড়বে।

এ বিষয়ে মুঠোফোনে পারভীন ওসমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ওরা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। দল থেকেও আমাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। দলের প্রার্থীকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।’