চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সেলিম আকবর সভাপতি ও আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে জসিম উদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ করা হয়।
বিএনপি-সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সাতজন এবং আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে আটজন নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ১৩টি পদে উভয় প্যানেল থেকে ১৩ জন নির্বাচিত হন। সেলিম আকবর ১৪০ ভোট পেয়ে সভাপতি ও জসিম উদ্দিন ১৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে সহিদুল হক খান, জুনিয়র সহসভাপতি মো. আবদুল্লাহীল বাকী, যুগ্ম সম্পাদক গাজী দুলাল, সম্পাদক (লাইব্রেরি) মোহাম্মদ গোলাম কাউছার শামিম, সম্পাদক (সমাজকল্যাণ ও সেমিনার) তৌহিদুল ইসলাম, জেনারেল অডিটর পদে মো. মোরশেদ আলম বাবুল নির্বাচিত হয়েছেন।