
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (আনসার আল ইসলাম) শীর্ষস্থানীয় নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদি-২-কে ধরিয়ে দিতে আবারও পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলেছে, সেলিম বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর কর্ণধার প্রকাশক ফয়সল আরেফিন ওরফে দীপন হত্যার অন্যতম পরিকল্পনাকারী।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গত ১৮ মে জঙ্গিনেতা সেলিমসহ আনসারুল্লাহ বাংলা টিমের ছয়জনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত ও একজন গ্রেপ্তার হয়েছেন।
গতকাল ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিজিৎ রায় হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং ফয়সল আরেফিন, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়, ওয়াশিকুর রহমান, অনলাইন অ্যাকটিভিস্ট নাজিম উদ্দিন সামাদ, ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া আনসারুল্লাহ বাংলা টিমের (আনসার আল ইসলাম) শীর্ষস্থানীয় নেতা সেলিমকে ধরিয়ে দিন। তার সম্পর্কে তথ্যদাতাকে ডিএমপি আবার পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করছে। সেলিমের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং সে চশমা পরে। ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে (facebook. com/dmpdhaka/) এ-সংক্রান্ত তথ্য দেওয়া যাবে। এ ছাড়া ফোন করতে হবে: ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮ ও ০১৭১৩৩৭৩২০৬। পুলিশের অ্যাপ ‘Hello CT’-তে তথ্য জানানো যাবে।
ডিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ গতকাল প্রথম আলোকে বলেন, গত ১৮ মে অভিজিৎ ও ফয়সলসহ কয়েকটি হত্যায় জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের ছয়জনকে ধরিয়ে দিতে ডিএমপি বিভিন্ন অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল। তাঁদের একজন শরিফুল ১৮ জুন রাতে খিলগাঁওয়ে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। তাঁকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।