সেলিমা-বুলুসহ ৫৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, মতিঝিল থানায় করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। মামলার পলাতক ৫৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদের মধ্যে আছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

গত বছরের জানুয়ারি মাসে মতিঝিল থানা এলাকায় পুলিশের কর্তব্যে বাধা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এ মামলা হয়। তদন্ত শেষে গত মার্চে আদালতে ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এ মামলায় জামিনে আছেন ২৮ জন।