নাশকতার অভিযোগে করা একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা গতকাল বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন।
আদালত ২ নভেম্বর পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
যে ১৩ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে সেলিমা রহমান ছাড়া তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, আজিজুল বারী, মারুফ কামাল খান প্রমুখ। চলতি বছরের ১৩ জুন এই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বলেন, এই মামলায় জামিনে আছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছেন। এই মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গতকাল আদালতে হাজির করা হয়।